ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আগামী ২২ আগস্ট অনুষ্ঠিতব্য খুলনা বিভাগীয় কর্মিসমাবেশ সফল করার লক্ষ্যে যশোরের ঝিকরগাছা উপজেলা ও পৌর জিয়া মঞ্চের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের নাট্যবিষয়ক সম্পাদক পলাশ মাহমুদ। প্রধান বক্তা ছিলেন যশোর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক তারিক হাসান টিপু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব সাগর হোসেন। সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক সাইদ আলম বাবু।
বক্তারা বলেন, আগামী ২২ আগস্ট খুলনায় অনুষ্ঠিতব্য বিভাগীয় কর্মিসমাবেশ সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর এলাকার নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে সাংগঠনিক শক্তি সুসংহত করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মিসমাবেশ সফল করতে নেতাকর্মীদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। একই সঙ্গে সাধারণ জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি করে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর দেওয়া হয়।
উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মানোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাজ্জাদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, শরিফুল ইসলাম, মাসুম হোসেন ও মিলন হোসেন, পৌর জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, সদস্য সচিব জাকির হোসেন, সদস্য জাহাঙ্গীর হোসেন, আখের হোসেনসহ উপজেলা ও পৌর জিয়া মঞ্চের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সভায় বিভাগীয় কর্মিসমাবেশ সফল করতে বিভিন্ন মাঠপর্যায়ের কর্মপরিকল্পনা গ্রহণ ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।