খুলনা অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদের শুধু সামনে তাকালে চলবে না; ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত নিতে হবে।
শনিবার (১৫ আগস্ট) সকালে খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর রুকনপ্রার্থী শিক্ষাশিবিরে (পুরুষ-মহিলা) প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে এই শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, বিপদসংকেত বুঝে সিদ্ধান্ত নেওয়া এবং একটি পথ বন্ধ হলে বিকল্প পথ খুঁজে বের করার যোগ্যতা নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ।
তিনি বলেন, ‘দূরে তাকালে শরীর, মাজা, মন সোজা থাকে, চলতে থাকে। এজন্য সামনে কী হতে পারে, এটা বুঝতে পারবো। বিপদসংকেত বুঝতে পেরে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা, এক পথ বন্ধ হলে অন্য পথ খুলে দেওয়ার যোগ্যতা, এগুলো হিকমতের লক্ষণ।’ ইসলামি আন্দোলনের কর্মীদের বিভিন্ন গুণাবলি তুলে ধরে তিনি তাওয়াক্কুল, বায়াত ও শোকরের গুরুত্বও ব্যাখ্যা করেন তিনি।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপির সভাপতিত্বে ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চল টিমসদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান।
অন্যদের মধ্যে আলোচনা করেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, খুলনা অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান এমপি, হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি, মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, খুলনা মহানগরী নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস প্রমুখ।
তাওয়াক্কুলের ব্যাখ্যা দিতে গিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, মানুষের দায়িত্ব হলো নিজের সামর্থ্য অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নেওয়া। তবে চূড়ান্ত ফলাফলের জন্য বস্তুগত শক্তির ওপর নির্ভর না করে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জাগতিক, বৈষয়িক, লজিস্টিক ও কারিগরি প্রস্তুতি থাকা প্রয়োজন। তবে এসব প্রস্তুতিকে সফলতার একমাত্র ভিত্তি মনে করা যাবে না।