স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের কেশবপুর পৌর শহরের সাহাপাড়া এলাকায় মা গৌরী অধিকারীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মেয়ে দীপ্তি অধিকারী সাধনাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।
তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই সঞ্জয় কুমার দাস।
নিহত গৌরী অধিকারী মণিরামপুরের নাগরঘোপ গ্রামের অরুণ অধিকারীর স্ত্রী।
মামলার বিবরণে জানা গেছে, আসামি দীপ্তি অধিকারী সাধনার মণিরামপুরের নাগরঘোপ গ্রামে বিয়ে হয়। স্বামীর মৃত্যুর পর তিনি মানসিক বিকারগ্রস্ত হয়ে যান। মাঝেমধ্যে তিনি তার মায়ের বাড়ি বেড়াতে আসতেন।
চলতি বছরের ২৪ এপ্রিল মায়ের বাড়ি বেড়াতে আসেন সাধনা। রাতে ঝগড়ার একপর্যায়ে মায়ের মাথার পেছনে বটির আছাড় দিয়ে আঘাত করলে গৌরী মারা যান।
পুলিশ সংবাদ পেয়ে সাধনাকে আটক ও লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ছেলে তাপস অধিকারী বাদী হয়ে সাধনাকে আসামি করে কেশবপুর থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে আটক আসামির দেওয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আসামি দীপ্তি অধিকারী সাধনাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা।