স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলার এজাহারনামীয় আসামি ও ইউপি সদস্য মো. টিপু সুলতান বিশ্বাসকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে কোতোয়ালি মডেল থানা এলাকার হাশিমপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার টিপু সুলতান যশোর সদর উপজেলার তালবাড়িয়া বিশ্বাসপাড়া এলাকার মৃত এজাহার বিশ্বাসের ছেলে। পুলিশ জানিয়েছে, বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, টিপু সুলতান অতীতে সর্বহারা দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তিনি তালবাড়িয়া, শালিয়াট ও মালিয়াট এলাকার ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও পুলিশের দাবি।
গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।