সুবর্ণভূমি ডেস্ক
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করে তাকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জারদারি এ অভিনন্দন জানান।
অভিনন্দনবার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। দেশের মানুষের কল্যাণে অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
জারদারি বলেন, অভিন্ন ইতিহাস, ধর্ম ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিকে তিনি স্বাগত জানান।
তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের সহযোগিতা আরও বাড়বে। দুই দেশের সম্পর্ক জোরদারের পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে তিনি মির্জা ফখরুলের সঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে জারদারি বলেন, তার এ সফর দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর নতুন সুযোগ সৃষ্টি করবে।
অভিনন্দনবার্তায় বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের সফল দায়িত্ব পালন কামনা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট। পাশাপাশি বাংলাদেশের মানুষের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন তিনি।
সূত্র: এপিপি