সুবর্ণভূমি ডেস্ক
জাতীয় কৃষক খেতমজুর সমিতি যশোর সদর উপজেলার বসুন্দিয়া কমিটি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে বসুন্দিয়া বাজার ধানহাটায় হাটসভা করেছে।
কৃষকনেতা আব্দুস সবুরের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম উর রহমান, যশোর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিপুল বিশ্বাস প্রমুখ।
সভায় নেতারা বলেন, একদিকে আমনের ভরা মৌসুমে কৃষককে কালোবাজার থেকে চড়াদামে সার কিনতে হচ্ছে, কৃষি উপকরণের দাম আকাশচুম্বী, অন্যদিকে উৎপাদিত ফসলের যথার্থ মূল্য না পেয়ে। লোকসান গুনতে হচ্ছে কৃষকদের।
গত অর্থবছরে দেশের ৪৩ ভাগ মানুষ যারা কৃষিকাজে নিয়োজিত তাদের জন্য জাতীয় বাজেটের বরাদ্দ মাত্র ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা যা মোট বাজেটের মাত্র ৪.৬৫ শতাংশ। যেখানে কৃষক জিডিপিতে জাতীয় আয়ের ১১ ভাগ যুক্ত করে সেখানে এটি অত্যন্ত নগণ্য। অন্যদিকে ব্যাংক লুটেরাদের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ ৩৬ হাজার ৬৫০ কোটি টাকা। এর থেকে বেরোনোর জন্য কৃষক খেতমজুরদের সংগঠিত হওয়ার মধ্যদিয়ে উৎপাদনের ওপর তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য বক্তারা আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তি