কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
আওয়ামী লীগ সরকার গত ১৭ বছরে দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতে ব্যাপক অনিয়ম ও লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া সংকটের কারণে দেশে এখনো বিদ্যুৎ সংকট ও নানা সমস্যা রয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মিনি স্টেডিয়াম এলাকায় হকার্স মার্কেট নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের রেখে যাওয়া সংকট একদিনে নিরসন করা সম্ভব নয়। বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এসব সংকট নিরসনে কাজ করে যাচ্ছেন। বর্তমান বিদ্যুৎ সংকটের কথা স্বীকার করেই প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট দায়িত্বশীল মন্ত্রীরা দুঃখ প্রকাশ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বিদ্যুৎ আমদানিনির্ভরতা কমিয়ে নিজেদের স্বাবলম্বী হতে হবে। এ জন্য সৌরবিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন এবং নতুন টার্মিনাল স্থাপন করতে হবে। তাহলে খুব অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাশেদ খান বলেন, বিএনপি জনগণের সরকার। জনগণের দুর্ভোগ কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে।
কালীগঞ্জ শহরের যানজট প্রসঙ্গে তিনি বলেন, শহরটি যেন ঢাকার মতো যানজটপূর্ণ না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে সাধারণ মানুষের কথা মাথায় রেখে সড়কে বসা দরিদ্র হকারদের জন্য একটি হকার্স মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়নের পাশাপাশি ওই স্থানে পূর্ণাঙ্গ একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
হকার্স মার্কেট নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমানউল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা তবিবুর রহমান মিন্টু, হাফিজুর রহমান, জহির হাসান মোহন, ডা. নুরুল ইসলাম, ইসরাইল হোসেন জীবন, ইলিয়াস রহমান মিঠু, লুৎফর রহমান লেন্টু, যুবদল নেতা মাহবুবুর রহমান মিলন, কালীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত সচিব কবির হাসানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।