স্টাফ রিপোর্টার
, যশোর
সুবর্ণভূমি—
ছবি:
নির্ধারিত সময়ের মধ্যে যশোরবাসীর জন্য পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
গুরুতর হৃদরোগীদের চিকিৎসার জন্য যাতে অন্য জেলায় যেতে না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানান তিনি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউসে অনুষ্ঠিত যশোর জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও রোগীদের সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী বলেন, যশোর জেনারেল হাসপাতালটি বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আগের সভার সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে।
অধিকাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে হাসপাতালের সেবা আরও উন্নত হবে। প্রান্তিক জনগোষ্ঠী যাতে উন্নত চিকিৎসা পায়, তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে সিসিইউ চালুর কাজও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দেশের গ্যাস ও জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আবহাওয়া প্রতিকূল থাকায় বঙ্গোপসাগরে ভাসমান দুটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খালাসে বৃহস্পতিবার কিছুটা সমস্যা হয়েছিল। তবে শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। বিকেলের মধ্যে গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল বা কমলে দ্রুত দেশে দাম সমন্বয় করে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
সভায় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিনসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।