মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
তেল, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সারসংকট, সারের ডিলার নিয়োগে অনিয়ম এবং ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগে দলীয়করণের প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে মহেশপুর উপজেলা পরিষদের সামনের সড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের স্বার্থ ক্ষুণ্নকারী এসব সিদ্ধান্ত ও নিয়োগপ্রক্রিয়ার অনিয়ম দ্রুত বন্ধ করা না হলে আগামীতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।
উপজেলা জামায়াতের আমির ফারুক আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবুল হাই।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। অবিলম্বে এই মূল্যবৃদ্ধি প্রত্যাহার করে জনগণের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কৃষিপ্রধান এই অঞ্চলে তীব্র সারসংকট চলছে, যার ওপর সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম করা হচ্ছে। এছাড়া ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা লঙ্ঘন করে নজিরবিহীন দলীয়করণ করা হয়েছে। এর ফলে প্রকৃত সুবিধাভোগী ও সাধারণ মানুষ অধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানান তারা।
মানববন্ধনে আরও বক্তব্য দেন উপজেলা নায়েবে আমির ফকির আহমেদ, পৌর আমির নওফেল হোসেন ও অফিস সেক্রেটারি লুৎফর রহমান।