কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে এক বখাটের ছুরিকাঘাতে দশম শ্রেণির এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুরে বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত জাকিয়া সুলতানা মমোর অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে সে শল্য চিকিৎসা (মহিলা সার্জারি) ওয়ার্ডে চিকিৎসাধীন।
ভুক্তভোগী ছাত্রীর বাবা জাকারিয়া হোসেন অভিযোগ করেন, ইমন নামে এক বখাটে যুবক বেশ কিছুদিন ধরে তার মেয়েকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করতো। রোববার সে হত্যার উদ্দেশ্যে মমোর ওপর নৃশংস হামলা চালায়। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিগ্যান মণ্ডল বলেন, মমো বিজ্ঞান বিভাগের অত্যন্ত মেধাবী ও শৃঙ্খলাপ্রিয় ছাত্রী। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা সবাইকে চরম শঙ্কার মুখে ফেলে দিয়েছে। স্কুলের পক্ষ থেকে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারী ইমনকে শনাক্ত করেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের সব কটি ইউনিট অভিযান চালাচ্ছে। খুব দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।