সুবর্ণভূমি ডেস্ক
সংগৃহীত—
ছবি:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পাকিস্তানের শাসন থেকে মুক্ত হয়ে দিল্লির দাসত্ব করার জন্য বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেনি। মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও শেখ হাসিনা দিল্লির দাসত্ব করেছেন বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন রিজভী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আগুনসন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে রিজভী অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যরা পাকিস্তানের ভাতা নিয়েছেন। মুক্তিযুদ্ধে শেখ পরিবারের কোনো অবদান নেই বলেও দাবি করেন তিনি। এ ছাড়া পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার জন্য শেখ মুজিবুর রহমান একের পর এক বৈঠক করেছিলেন বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেন রিজভী। তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত হওয়ার পরও শেখ হাসিনা লুটের অর্থ ব্যবহার করে কিশোর গ্যাংয়ের মাধ্যমে দেশে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ ও হত্যাকাণ্ড ঘটাচ্ছেন।
রিজভী আরও বলেন, শেখ হাসিনা আবারও রক্তের নেশায় মত্ত হয়েছেন। তার কথিত প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ভারত সীমান্তে ষড়যন্ত্রের নীলনকশা তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শেখ হাসিনা তার বাবার প্রতিষ্ঠিত বাকশাল পুনরুজ্জীবিত করেছিলেন। তার অভিযোগ, বাবার পথ অনুসরণ করে শেখ হাসিনা গুম ও হত্যাকাণ্ড শুরু করেছিলেন। ছাত্র-জনতার ধাওয়ার মুখে দেশ ছাড়ার পর শেখ হাসিনার সমর্থনে দেশে কোনো মিছিলও হয়নি বলে দাবি করেন রিজভী।