স্টাফ রিপোর্টার
, যশোর
মশার অত্যাচার থেকে এলাকাবাসীকে স্বস্তি দিতে ব্যতিক্রমী উদ্যােগ নিয়েছে যশোর তিন নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
মাসব্যাপী চলা এ কর্মসূচিতে স্বেচ্ছাশ্রমে ময়লা-আবর্জনা পরিষ্কার, সচেতনতা সৃষ্টি এবং মশা নিধনে ওষুধ ছিটানো হচ্ছে।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির মালিক জানান, শহরের ঘোপ আবাসিক এলাকার মানুষজন মশার অত্যাচারে অতিষ্ঠ। দিনে-রাতে সমানভাবে মশার উৎপাত থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এ অবস্থা থেকে উত্তরণে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল থেকে স্বেচ্ছাসেবীদের তালিকা করে একাধিক দলে ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে। পৃথক ওই দলগুলো স্থানীয় বাসিন্দাদের সচেতন করার পাশাপাশি জমে থাকা ময়লা-আবর্জনা পরিচ্ছন্ন করছে। একইসাথে মশার কীট ধ্বংসে ড্রেনসহ উৎপত্তিস্থলগুলোতে ওষুধ ছিটানো হচ্ছে।
শনিবার বিকেলে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির মালিক, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন করুন, প্রচার সম্পাদক মো. সোহেল রানা, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক চয়ন প্রমুখ।