সুবর্ণভূমি ডেস্ক
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কোনো প্রকার প্রশ্ন ছাড়াই সুনির্দিষ্ট খাতে কালোটাকা বা অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ দিতে যাচ্ছে সরকার। বিশেষ করে আবাসন খাতে জমি, ভবন কিংবা ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে প্রকৃত মূল্য গোপন থাকলে, তা স্বপ্রণোদিত হয়ে ঘোষণা দিয়ে নিয়মিত কর পরিশোধের মাধ্যমে বৈধ করা যাবে। এই সুবিধা ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষই পাবেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী এমন সুযোগ দেওয়ার প্রস্তাব করতে যাচ্ছেন। এ লক্ষ্যে আসন্ন অর্থবিলে নতুন একটি বিশেষ ধারা সংযুক্ত করা হচ্ছে।
কী থাকছে নতুন ধারায়? প্রস্তাবিত ধারা অনুযায়ী, কোনো করদাতার জমি, ভবন বা অ্যাপার্টমেন্ট কেনাবেচার প্রকৃত মূল্য যদি রেজিস্ট্রি দলিলের মূল্যের চেয়ে বেশি হয়, তবে তিনি ওই বাড়তি অপ্রদর্শিত অর্থের ওপর ব্যক্তি শ্রেণির জন্য নির্ধারিত নিয়মিত হারে আয়কর দিয়ে তা বৈধ করতে পারবেন।
সবচেয়ে বড় বিষয় হলো, অর্থ আইন কিংবা দেশে প্রচলিত অন্য কোনো আইনে যা-ই থাকুক না কেন—কোনো ব্যক্তি নিজে থেকে এই কর পরিশোধ করলে, সেই অর্থের উৎস বা বিষয়ে সরকারের কোনো সংস্থা বা কর্তৃপক্ষ কোনো প্রশ্ন তুলতে পারবে না এবং কোনো আইনি কার্যক্রমও গ্রহণ করা যাবে না।