লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
অন্তর্বর্তী সরকার কর্তৃক আমেরিকার সাথে দেশবিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নড়াইল জেলার আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার বিকেলে শহরের রূপগঞ্জ মুচিরপোল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসটার্মিনাল এলাকায় এসে শেষ হয়।
সিপিবির নড়াইল জেলা সভাপতি ও খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য এস এ রশিদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীত রাজবংশী, সাবেক সেক্রেটারি অঞ্জন রায়, প্রবীর রায়, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক শেখ সুলতান, জেলা যুব ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম শিমুল প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তিতে একতরফাভাবে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করা হয়েছে। এই চুক্তির কারণে বিনা শুল্কে যুক্তরাষ্ট্রের মাংস, মুরগি, গুঁড়ো দুধসহ বেশ কিছু পণ্য বাংলাদেশে প্রবেশের সুযোগ তৈরি হয়েছে, যা দেশের নিজস্ব ডেইরি ও পোল্ট্রি খাতকে ধ্বংসের মুখে ফেলে দেবে।
চুক্তিটিতে প্রায় ১৩১ টির মতো শর্ত রয়েছে, যা বাংলাদেশের বাণিজ্য সক্ষমতা, শুল্ক নির্ধারণের সার্বভৌমত্ব এবং স্বাধীন নীতি প্রণয়নকে চরমভাবে বাধাগ্রস্ত করবে।
চুক্তির শর্তানুযায়ী, বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে বিপুল পরিমাণ মার্কিন সামরিক সরঞ্জাম ও অস্ত্র কিনতে হবে।
বক্তারা, জাতীয় স্বার্থবিরোধী ও গোপন এই চুক্তিটি অবিলম্বে বাতিলের দাবি জানান।