স্টাফ রিপোর্টার
, যশোর
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে যশোর স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচন সম্পন্ন হয়েছে।
এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্ব এসেছেন। সভাপতি পদে সিরাজ মোল্যা এবং সাধারণ সম্পাদক পদে মঈনুদ্দিন বিজয়ী হয়েছেন।
শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেলে ভোট গণনাশেষে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মুক্তাদিরুল হক ও রাজ আলী রাজু উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন পর অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ৬২ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন, যা শতভাগ ভোটগ্রহণের নজির সৃষ্টি করেছে। মোট ১৩টি পদের বিপরীতে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে সিরাজ মোল্যা ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিরোজ কবির পান ২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মঈনুদ্দিন ৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আল আমিন পান ৩০ ভোট।
এছাড়া, সহ-সভাপতি পদে শরীফ মুকতি মাহমুদ তিলক (৩১ ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে শুকুর আলী টুকু (৩৫ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম বাবু (৩৩ ভোট), কোষাধ্যক্ষ পদে নান্নু হোসেন (৩৫ ভোট) এবং দপ্তর সম্পাদক পদে সেলিম হোসেন (৪৩ ভোট) নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্যের ছয়টি পদে নির্বাচিত হয়েছেন আরমান হোসেন (৪৭), মাহবুব (৪২), আলমগীর হোসেন (৩০), মাহিম ইসলাম মুন (২৯), মোতালেব (২৮) ও মনির মিস্ত্রি (২৭)।