মাগুরা প্রতিনিধি
দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেশি বেশি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আইবিডব্লিউ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শহীদুল ইসলাম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মাগুরা অডিটোরিয়ামে আয়োজিত ব্যবসা উন্নয়নবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মুহাম্মাদ শহীদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে সুন্দর পরিবেশে ব্যবসায়ী সমাজ গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। যে দেশে যত বেশি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে, সে দেশ তত বেশি উন্নতি করেছে। দেশের উন্নয়নের জন্য আমাদের বেশি বেশি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, নিজেকে ও রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে হলে প্রত্যেক নাগরিককে সততার সঙ্গে কোনো না কোনো উৎপাদনমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে হবে। তা না হলে উন্নত বিশ্বের দেশগুলোর তুলনায় আমরা পিছিয়ে পড়ব।
আইবিডব্লিউ ফাউন্ডেশনের মাগুরা জেলা সহসভাপতি কাজী আব্দুল আওয়াল সবুরের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার আবিদ হাসান, কেন্দ্রীয় সংগঠনের প্রশিক্ষক হুসাইন আল মামুন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের সভাপতি আবদুল মতিন এবং মাগুরা জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু।
ফাউন্ডেশনের জেলা সেক্রেটারি ডাক্তার রবিউল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য দেন মাগুরা সদর উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক জাফরী, সহসভাপতি মো. শাহজাহান ও সদর উপজেলা প্রচার সম্পাদক মো. শহীদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা।
কর্মশালায় মাগুরা জেলার বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক ব্যবসায়ী অংশ নেন।