খুলনা অফিস
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে খুলনার সোনাডাঙ্গা আন্তজেলা বাসটার্মিনালের আটটি পরিবহন কাউন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ায় টুঙ্গিপাড়া ও ফাল্গুনী পরিবহনের নন-এসি বাসের কাউন্টার কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। একই সঙ্গে পরিবহন কাউন্টারগুলোতে সরকার নির্ধারিত নতুন ভাড়ার তালিকা সরবরাহ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিআরটিএর খুলনা বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক তানভীর আহমেদ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া নাসরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনালে থাকা টুঙ্গিপাড়া, ফাল্গুনী, এনা ও ইমাদসহ আটটি পরিবহনের কাউন্টার পরিদর্শন করা হয়।
অভিযানে টুঙ্গিপাড়া ও ফাল্গুনী পরিবহনের কাউন্টারে সরকার নির্ধারিত ৭৩৪ টাকার পরিবর্তে ৭৪০ টাকা ভাড়া নেওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং নতুন ভাড়ার তালিকা দেওয়া হয়।
বিআরটিএর খুলনা বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক তানভীর আহমেদ বলেন, সোনাডাঙ্গা আন্তজেলা বাসটার্মিনালের আটটি পরিবহন কাউন্টারে অভিযান চালানো হয়েছে। এ সময় সংশ্লিষ্ট কাউন্টারগুলোতে সরকার নির্ধারিত নতুন ভাড়ার তালিকা সরবরাহ করা হয়।
যারা বেশি ভাড়া নিচ্ছিলেন, তাদের সতর্ক করা হয়েছে। এরপরও অতিরিক্ত ভাড়া নেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।