কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইএফআইসি ব্যাংক পিএলসি'র ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় আইএফআইসি ব্যাংক কালীগঞ্জ শাখার উদ্যোগে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলা সাড়ে ১১টায় ব্যাংক প্রাঙ্গণে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্যাংকের পাঁচ দশকের গৌরবময় পথচলা, গ্রাহকদের আস্থা ও দেশের ব্যাংকিং খাতে আইএফআইসি ব্যাংকের সামগ্রিক অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আইএফআইসি ব্যাংক কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক সাইদুর শিকদার তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, পাঁচ দশকের এই দীর্ঘ পথচলা শুধু একটি প্রতিষ্ঠানের সময়ের পরিক্রমা নয়; বরং এটি গ্রাহকদের আস্থা, অঙ্গীকার, উদ্ভাবন ও মানুষের পাশে থাকার এক অনন্য যাত্রা।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে ৩২ দশমিক ৭৫ শতাংশ সরকারি মালিকানা, ছয় হাজারের বেশি কর্মী, দেশব্যাপী এক হাজার ৪০০-এর বেশি শাখা-উপশাখার শক্তিশালী নেটওয়ার্ক এবং ৫৫ হাজার কোটি টাকার বেশি আমানত নিয়ে আইএফআইসি ব্যাংক দেশের অন্যতম বৃহৎ ব্যাংকিং প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে ব্যাংকটিতে ২৫ লাখেরও বেশি গ্রাহক রয়েছেন।
কালীগঞ্জ শাখার এই সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল অধিকারী, সুনীল কুমার ও ইমদাদুল হকসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত গ্রাহকরা। আলোচনা সভা শেষে দেশ, ব্যাংক ও গ্রাহকদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।