পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি ও ভুল লেবেল ব্যবহার করে পণ্য বাজারজাত করার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় এ অভিযান চালানো হয়।
এতে সুমন এন্টারপ্রাইজের মালিক সুমন সাধুকে ২০ হাজার টাকা, মুদি ব্যবসায়ী সঞ্জয় সাধুকে ২৫ হাজার টাকা, প্রহ্লাদ দত্তকে ২০ হাজার টাকা এবং কল্যাণী এন্টারপ্রাইজের মালিক অরূপ দত্তকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জব্দ করা অবৈধ খাদ্যপণ্য কপোতাক্ষ নদের তীরে নিয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন খুলনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান। তাদের সহযোগিতা করেন পাইকগাছা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মণ্ডল।
কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।