মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে অভিযান চালিয়ে বীজের প্যাকেটে প্রয়োজনীয় তথ্য না থাকা এবং বাসি খাবার সংরক্ষণ ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বীজ, কসমেটিকস, মুদি দোকান ও হোটেল তদারকি করা হয়।
অভিযান চলাকালে বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, মূল্য এবং পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখ না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় মেসার্স মনিরুল ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বিক্রির উদ্দেশ্যে বাসি গ্রিল সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও সংরক্ষণের দায়ে হানিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ সময় হানিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন ভারপ্রাপ্ত বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, গাংনীর স্যানিটারি ইন্সপেক্টর মো. মসিউর রহমান এবং পুলিশ সদস্যরা।