জুলফিকার আলী কানন
, মেহেরপুর
শীতের আগমনী বার্তা ছড়িয়ে পড়তে শুরু করেছে গ্রামবাংলায়। ভোরের শিশিরভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রকৃতিতে জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের। শীতের এই আগমনে মেহেরপুরে খেজুরের রস আহরণের প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন গাছিরা। ইতোমধ্যে শুরু হয়েছে খেজুরগাছ পরিষ্কার ও চাঁচ দেওয়ার কাজ। সবকিছু ঠিক থাকলে কয়েক দিনের মধ্যেই শুরু হবে রস সংগ্রহ। সেই রস জ্বাল দিয়ে তৈরি হবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের গুড়। মৌসুমি এই উৎপাদন ঘিরে বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন জেলার গাছিরা।
শীতের সকালে গ্রামীণ জনপদে খেজুরগাছের মাথায় গাছিদের ব্যস্ততা চোখে পড়ে। কোমরে দড়ি বেঁধে হাতে ধারালো দা কিংবা বিশেষ কাঁচি নিয়ে এক গাছ থেকে অন্য গাছে ছুটছেন তারা। গাছের মাথা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে চাঁচ দিচ্ছেন। কয়েক দিন পর সেখানে বসানো হবে মাটির হাঁড়ি। রাতভর গাছ থেকে ঝরবে মিষ্টি রস। ভোরে সেই রস সংগ্রহ করে জ্বাল দিলেই তৈরি হবে সুস্বাদু খেজুরের গুড়।
মেহেরপুরে বাণিজ্যিকভাবে খেজুরগাছের বাগান গড়ে না উঠলেও জেলার বিভিন্ন সড়কের পাশে, বসতবাড়ির আশপাশে ও কৃষিজমির আইলে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য খেজুরগাছ। এসব গাছ থেকেই রস সংগ্রহ করে গুড় তৈরি করেন স্থানীয় গাছিরা। গাছের মালিকদের সঙ্গে চুক্তির ভিত্তিতে তারা রস সংগ্রহের সুযোগ পান। বিনিময়ে মৌসুম শেষে প্রতিটি গাছের জন্য মালিককে দিতে হয় এক থেকে দেড় কেজি গুড়। উৎপাদিত গুড়ের বড় অংশই বাড়ি থেকে সরাসরি কিনে নেন ক্রেতারা। এতে মধ্যস্বত্বভোগী ছাড়াই ন্যায্য দাম পাওয়ার সুযোগ তৈরি হয় বলে জানান সংশ্লিষ্টরা।
কৃষি বিভাগের তথ্যমতে, মেহেরপুর জেলায় প্রায় ৫০ হেক্টর জমিতে ছড়িয়ে রয়েছে দেড় সহস্রাধিক খেজুরগাছ। এ পেশার সঙ্গে জড়িত রয়েছেন অন্তত শতাধিক গাছি।
দীর্ঘ চার দশক ধরে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির সঙ্গে যুক্ত গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের কলোনিপাড়ার আজগর আলী। প্রতিবছর তিনি ১২০ থেকে ১৩০টি গাছ থেকে রস সংগ্রহ করেন। এবারও একই পরিমাণ গাছ থেকে রস আহরণের প্রস্তুতি নিচ্ছেন। গত মৌসুমে প্রতি কেজি গুড় ৩০০ টাকা দরে বিক্রি করেছেন তিনি। এবার উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতি বিবেচনায় কেজিপ্রতি আরও ৫০ টাকা দাম বাড়তে পারে বলে আশা করছেন।
আজগর আলী বলেন, ‘সাহারবাটি এলাকার খাঁটি খেজুরের গুড়ের চাহিদা অনেক। ক্রেতারা আগাম অর্ডার দিয়ে রাখেন। গাছ থেকে সংগ্রহ করা রসে কোনো ভেজাল থাকে না। প্রায় চার দশক ধরে এই কাজ করছি। ক্রেতাদের চাহিদা অনুযায়ী গুড় তৈরি করে সরবরাহ করি।’
সদর উপজেলার শ্যামপুর গ্রামের গাছি সরাফত আলী বলেন, মেহেরপুরে বাণিজ্যিকভাবে খেজুরগাছের চাষ না হলেও রাস্তার পাশে ও জমির আইলে প্রচুর গাছ রয়েছে। গাছের মালিকদের সঙ্গে চুক্তি করে নির্দিষ্ট সময়ে গাছে চাঁচ দেওয়া হয়। পরে রস সংগ্রহ করে গুড় তৈরি করা হয়। বিনিময়ে প্রতিটি গাছের জন্য মালিককে এক থেকে দেড় কেজি গুড় দিতে হয়।
গাছের মালিক হাফিজুল ইসলাম বলেন, ‘জমির আইল ও রাস্তার পাশে প্রাকৃতিকভাবে জন্মানো খেজুরগাছগুলো থেকে গাছিরা রস সংগ্রহ করেন। এতে গাছের মালিক হিসেবে আমরা গুড় পাই, আর গাছিরাও তাদের পরিশ্রমের বিনিময়ে বাড়তি আয়ের সুযোগ পান।’
কৃষি সংশ্লিষ্টদের মতে, খেজুরের রস ও গুড় কেবল শীতের মৌসুমি খাবার নয়, গ্রামীণ অর্থনীতিরও একটি সম্ভাবনাময় খাত। পরিকল্পিতভাবে খেজুরগাছ রোপণ, বিদ্যমান গাছ সংরক্ষণ, স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে রস সংগ্রহ এবং মানসম্মত গুড় উৎপাদন নিশ্চিত করা গেলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও আয় বাড়ানো সম্ভব। পাশাপাশি মেহেরপুরের খেজুরের গুড়ের স্বতন্ত্র বাজারও গড়ে উঠতে পারে। তাদের দাবি, জেলায় উৎপাদিত খেজুরের গুড়েই স্থানীয় চাহিদা মেটে।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আবহমানকাল থেকেই এ অঞ্চলের মানুষ খেজুরগাছ থেকে রস সংগ্রহ ও গুড় তৈরি করে আসছেন। একসময় বহু পরিবার এই পেশার ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতো। তবে সময়ের সঙ্গে সেই ঐতিহ্য ও উৎপাদনের পরিধি কমেছে। খেজুরের রস ও গুড়কে ব্র্যান্ডিং করা গেলে এটি গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি মৌসুমে গাছিরা কর্মসংস্থানের সুযোগ পান। খেজুরগাছের চারা রোপণে কৃষকদের উৎসাহিত করা এবং ঐতিহ্য ধরে রাখতে গাছিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।’
একসময় গ্রামবাংলার শীতের অবিচ্ছেদ্য অংশ ছিল খেজুরের রস ও গুড়। সেই ঐতিহ্য ধরে রাখতে নতুন করে খেজুরগাছ রোপণ, পুরোনো গাছ সংরক্ষণ এবং উৎপাদিত গুড়ের বাজার সম্প্রসারণে উদ্যোগ নেওয়া প্রয়োজন। যথাযথ পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা পেলে মেহেরপুরের এই মৌসুমি পণ্য গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।