যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইলে দৃষ্টিনন্দন শ্রীরামকৃষ্ণ মন্দির উদ্বোধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ১২:৩৭ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৩:২০ পিএম
নড়াইলে দৃষ্টিনন্দন শ্রীরামকৃষ্ণ মন্দির উদ্বোধন

নড়াইল শহরের রূপগঞ্জ এলাকার রতনগঞ্জে (আশ্রম রোড) অবস্থিত রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের নবনির্মিত ‘শ্রীরামকৃষ্ণ মন্দির’-এর উদ্বোধন ও উৎসর্গ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

তিন দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় আয়োজনের মধ্যদিয়ে সোমবার (২৩ নভেম্বর) ভক্ত ও অনুরাগীদের জন্য মন্দিরটি উন্মুক্ত করা হয়।

হালকা গোলাপি ও গেরুয়া আভার দৃষ্টিনন্দন এই মন্দিরটি ভারতের বেলুড় মঠের আদলে আধুনিক ও ঐতিহ্যবাহী স্থাপত্যের সংমিশ্রণে নির্মাণ করা হয়েছে। সুউচ্চ গম্বুজ, কারুকাজখচিত খিলান এবং প্রশস্ত প্রাঙ্গণ মন্দিরটিকে অনন্য নান্দনিক রূপ দিয়েছে।

মন্দিরের উদ্বোধন ও উৎসর্গ উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে তিন দিনব্যাপী নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলারতির মধ্যদিয়ে প্রতিদিনের কর্মসূচি শুরু হয়। এ ছাড়া বিশেষ পূজা, হোমযজ্ঞ, ভজন-কীর্তন, পালকি যাত্রা এবং ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় শ্রীরামকৃষ্ণ দেবের জীবনদর্শন ও মানবসেবার আদর্শ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

দেশ-বিদেশের সাধু-সন্ন্যাসী ও হাজারো ভক্তের পদচারণায় পুরো আশ্রম এলাকা মুখরিত হয়ে ওঠে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বেলুড় মঠের (রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন) অধিভুক্ত নড়াইলের এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল ১৯২৮ সালে। ২০১৪ সালে এটি বেলুড় মঠের সরাসরি অনুমোদন লাভ করে এবং যশোর কেন্দ্রের উপকেন্দ্র হিসেবে পরিচালিত হয়ে আসছে।

‘জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর’—এই আদর্শকে ধারণ করে ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ছাত্রাবাস, প্রাথমিক বিদ্যালয় ও দাতব্য চিকিৎসালয় পরিচালনা করছে। এ ছাড়া দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণের মতো মানবিক সেবা কার্যক্রমও অব্যাহত রেখেছে।

নবনির্মিত এই মন্দিরটি নড়াইলের সনাতন ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক চর্চা ও ধর্মীয় ঐক্যের এক নতুন তীর্থক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে বলে আশা করছেন স্থানীয় ভক্ত ও অনুরাগীরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)