সুবর্ণভূমি ডেস্ক
ভাসমান দুটি এলএনজি টার্মিনালের একটিতে পুরোপুরি এবং অন্যটিতে অর্ধেক গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দেশে বর্তমানে বিদ্যুৎ ও গ্যাসের সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে থাকা ভাসমান এক্সিলারেট অ্যানার্জির (এক্সসেলারেট) টার্মিনাল থেকে বর্তমানে প্রায় ৫০ শতাংশ গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে। অন্যদিকে সামিটের ভাসমান টার্মিনালে কারিগরি ও প্রাকৃতিক কারণে পুরো গ্যাস সরবরাহ ব্যবস্থা বন্ধ রয়েছে।
তিনি বলেন, ‘এই সমস্যার সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ বুধবার সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আমলের অব্যবস্থাপনার কারণেই মূলত এই সংকট তৈরি হয়েছে।’
তিনি জানান, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।