সুবর্ণভূমি ডেস্ক
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
তবে বার্তা সংস্থাটির এ দাবি নাকচ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ক্ষমতার পটপরিবর্তনের পর দেশ ছাড়ার পর বাংলাদেশ সরকারের কাছে এটিই তার পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগের চেষ্টা।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার যুক্তরাজ্যভিত্তিক আইনজীবীদের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে এবং রয়টার্স সেই চিঠি দেখার সুযোগ পেয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পূর্ববর্তী বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি বাতিল করার পর তার পক্ষ থেকে নতুন ভ্রমণ নথি সরবরাহের দাবি তোলা হয়েছে।
চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকারসংক্রান্ত বিভিন্ন সনদে বাংলাদেশের বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিয়ে জরুরি ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়। এ ছাড়া প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ হওয়া মাত্রই শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে ইচ্ছুক বলেও তার সহযোগীদের বরাতে প্রতিবেদনে দাবি করা হয়।
তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন এর বিপরীত তথ্য দিয়েছে। একাধিক কূটনৈতিক ও সরকারি সূত্র নিশ্চিত করেছে, শেখ হাসিনা বা তার আইনজীবীদের কাছ থেকে এ-সংক্রান্ত কোনো আবেদন বা চিঠি এখন পর্যন্ত তাদের হাতে পৌঁছায়নি। ফলে রয়টার্সের প্রতিবেদনের দাবি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করা হয়েছে।
চব্বিশের গণ-অভ্যুত্থানে ১৫ বছরের ক্ষমতার অবসানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা ও রায় হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, সরকারের স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার সময়ে এমন খবর দেশে রাজনৈতিক অস্থিরতা ও ধোঁয়াশা সৃষ্টির প্রয়াস হতে পারে।