যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গোপালগঞ্জে বিজিবি-পুলিশের টহল জোরদার

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৪:৫১ পিএম
গোপালগঞ্জে বিজিবি-পুলিশের টহল জোরদার

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার সকাল থেকে গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের টহল চলছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনার সামনে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের কোনো মহড়া দুপুর পর্যন্ত দেখা যায়নি।

বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও প্রয়োজনীয় দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে মোতায়েনকৃত সর্বোচ্চসংখ্যক সদস্যের সঙ্গে বডি-ওর্ন (শরীরে সংযুক্ত) ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোনসহ অন্যান্য প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের লাইভ ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।

বিজিবি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন।

পরিস্থিতি স্বাভাবিক

রোববারের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর সোমবার গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। জেলার সরকারি-বেসরকারি অফিস, আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে। ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলা শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া মোড়, জেলা প্রশাসকের বাসভবন এলাকা, লঞ্চঘাট, যুগশিখা মোড়, থানাপাড়া মোড়, জজকোর্ট, হাসপাতাল, পুলিশ লাইনস মোড়, বেদগ্রামসহ বিভিন্ন এলাকা ঘুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

রোববারের পরিস্থিতির প্রভাব পড়েছিল সাধারণ মানুষের জীবনযাত্রায়। সোমবার শহরের ব্যবসাপ্রতিষ্ঠান খুললেও স্থানীয় ব্যবসায়ী ও পরিবহনশ্রমিকদের মধ্যে এখনো কিছুটা আতঙ্ক রয়েছে। শহরের ফল ব্যবসায়ী তরিকুল ইসলাম বলেন, ‘গতকাল ফল কিনে বিক্রি করতে পারিনি। সব সময় ভয়ে থাকি, কখন আন্দোলন শুরু হয়, কখন দোকান গুটিয়ে নিতে হয়।’

এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রিকশাচালক এনামুল হক বলেন, তার বাড়ি নড়াইলের কালিয়া উপজেলায়। সাত বছর ধরে গোপালগঞ্জে রিকশা চালান তিনি। গতকালের ঘটনার সময় দুই থেকে তিন ঘণ্টা রিকশা নিয়ে বের হননি। পরে বিকেলের দিকে বের হয়েছিলেন। আজ সকাল থেকে স্বাভাবিকভাবেই রিকশা চালাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না।

রোববারের সহিংসতার ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো কর্মসূচি দেওয়া হবে কি না, জানতে চাইলে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে রোববার বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মহড়া দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র ছিল। মহড়ার সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতা-কর্মীরা।

রোববার সন্ধ্যার দিকে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া সন্ধ্যায় জেলার টুঙ্গিপাড়ায় পুলিশের এসআই মোসলেম আলীকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তিনি টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী। ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেদিন পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

উদ্ভুত পরিস্থিতিতে গতকাল রাতে জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। তাদের সবাইকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। এর আগে রোববার বিকেলে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়।

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রোববারের সহিংসতার ঘটনায় দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তারও করা হয়নি বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)