তারেকুজ্জামান শিমুল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ-সহিংসতার পরদিনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জে।
সোমবার নতুন করে কোনো বিক্ষোভ-সহিংসতার ঘটনা না ঘটলেও গোটা গোপালগঞ্জ জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জেলা শহরটির গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলোয় পুলিশ, এসআরবি ও বিজিবির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। এ অবস্থার মধ্যে প্রয়োজন ছাড়া সাধারণ লোকজন খুব একটা বাইরে বের হচ্ছেন না বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
এদিকে, রোববার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। হামলার ভয়ে তাদের অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতারা।
‘বিশেষ করে গোপালগঞ্জ শহর ও টুঙ্গিপাড়ার নেতা-কর্মীরা এখন আতঙ্কের মধ্যে রয়েছে। কেউ কেউ বাড়ি-ঘর ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে,’ বলছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান।
তিনি হামলা ও সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানালেও সোমবার দুপুর পর্যন্ত কোনো মামলা কিংবা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
তবে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
‘এখনও কেউ গ্রেপ্তার হয়নি, তবে অভিযান চালাচ্ছি,’ বলেন গোপালগঞ্জ জেলা পুলিশের একজন কর্মকর্তা, যিনি তার নাম প্রকাশ করতে চাননি।
অন্যদিকে, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পর এবার গোপালগঞ্জের তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। সোমবার তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করার কথা রয়েছে।
রোববারের ঘটনার পর নড়েচড়ে বসেছে সরকার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামীতে বাংলাদেশে ‘অরাজকতা’ তৈরির চেষ্টা করলে সরকার কঠোর অবস্থানে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এর মধ্যেই রোববার বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই বৈঠকে ডিসেম্বরকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠ দখলে রাখার নির্দেশনা এসেছে বলে দলটির সূত্রগুলো জানিয়েছে।
মোড় মোড়ে পুলিশ, টহলে বিজিবি-এসআরবি
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, রোববারের তুলনায় সোমবার সকাল থেকেই গোপালগঞ্জ শহরসহ জেলার অন্যান্য উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বেড়েছে।
সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোয় অবস্থান নিয়ে আছে পুলিশ। সেইসঙ্গে, মাঠে রয়েছেন এসআরবি ও বিজিবি সদস্যরা।
সহিংসতার ঘটনার পর রোরবার বিকেলেই গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েনের তথ্য দিয়েছিলেন প্রশাসনের কর্মকর্তারা। সোমবার তাদের সঙ্গে আরও চার প্লাটুন যুক্ত করা হয়েছে।
এক বিবৃতিতে বিজিবি সদর দপ্তর জানিয়েছে, সহিংসতার পর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এতে আরও বলা হয়েছে যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ারের’ আওতায় বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী দায়িত্ব পালন করছেন।
যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
মাঠপর্যায়ে দায়িত্বরত বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য তাদেরকে ‘বডি ওর্ন ক্যামেরা’ দেওয়া হয়েছে।
পাশাপাশি ড্রোন প্রযুক্তি ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের লাইভ ভিডিও সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি সদর দপ্তর।
যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়, সেজন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পুলিশ ও বিজিবির পাশাপাশি এসআরবি সদস্যদেরও জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে টহল দিতে দেখা গেছে।
এমন পরিস্থিতির মধ্যের জেলার সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে।
সকাল থেকেই শহরের রাস্তায় মানুষের উপস্থিতি কম দেখা যাচ্ছে। তবে স্কুল-কলেজ ও অফিস-আদালত খোলা রয়েছে।
এছাড়া শহর-বাজারগুলোতেও দোকান-পাট খুলতে দেখা গেছে। তবে সেগুলোতে ক্রেতার সংখ্যা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
প্রশাসনে রদবদল, নেই গ্রেপ্তার
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির পর এবার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের সই করা এক চিঠিতে বদলির আদেশটি জানানো হয়েছে।
বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান।
তাদের তিনজনকে বদলি করে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় দেওয়া হয়েছে।
এর আগে, গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়।
তাদের জায়গায় নতুন দায়িত্ব নিয়ে গোপালগঞ্জে এসেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক জিএম সরফরাজ এবং ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
গত রোববার গোপালগঞ্জ শহরে দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর ও গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সেইসঙ্গে, টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করার ঘটনাও ঘটেছে।
এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত বলে জানিয়েছে পুলিশ।
মূলত মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘দেশে ফিরতে দেওয়ার দাবিতে’ আগামী ১৯ নভেম্বর বাংলাদেশে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
সেটার প্রস্তুতির অংশ হিসেবে রোববার আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে বলে জানান দলটির স্থানীয় নেতারা।
ওই বিক্ষোভ মিছিল থেকেই পরবর্তীতে বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়।
ওইসব ঘটনার পরেই তাৎক্ষণিকভাবে জেলার ডিসি, এসপি ও বেশকিছু থানার ওসির পদে রদবদল হতে দেখা গেল।
তবে হামলার পর মামলা কিংবা গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি। জেলা পুলিশ জানিয়েছে, হামলা ও সহিংসতার ঘটনায় তারা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন।
সূত্র: বিবিসি