যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আলী আকবর পরিচয়ে পুলিশের সামনে দিয়ে চলে গিয়েছিলেন সুইডেন আসলাম

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৯:৪৬ এ এম
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০২:৫৫ পিএম
আলী আকবর পরিচয়ে পুলিশের সামনে দিয়ে চলে গিয়েছিলেন সুইডেন আসলাম

বিদেশে যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার (২৩ নভেম্বর) খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

পুলিশ সূত্রে জানা গেছে, গত আগস্টে সুইডেন আসলামের সন্ধানে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়েছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে সে সময় নিজের পরিচয় গোপন করে পুলিশের সামনে দিয়ে চলে যান তিনি। নিজেকে আলী আকবর পরিচয় দিয়েছিলেন বলে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি।

ডিবির একটি সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের অস্থির পরিস্থিতির মধ্যে আলোচিত সাত সন্ত্রাসী জামিনে মুক্তি পান। তাদের মধ্যে সুইডেন আসলামও ছিলেন। পরে তিনি বিদেশে চলে যান। ডিবির দাবি, বিদেশে অবস্থান করেও কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকার অপরাধজগতের কর্মকাণ্ডে তার নিয়ন্ত্রণ ছিল।

সূত্রটি আরও জানায়, গত ৪ নভেম্বর মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন সুইডেন আসলাম। তার দেশে ফেরার খবর পেয়ে গোয়েন্দারা গ্রেপ্তারের জন্য ইমিগ্রেশন পুলিশকে অবহিত করেন। একটি পুরোনো মামলার নথিসহ তাকে গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়। এর ভিত্তিতে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেটকেন্দ্রিক বিভিন্ন অপরাধে সুইডেন আসলামের নতুন করে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের বটতলায় টিটনকে গুলি করে হত্যা করা হয়। নিহত টিটন শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। এ ঘটনায় তার ভাই সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় মামলা করেন। মামলায় আসামির তালিকা ফাঁকা রাখা হলেও সন্দেহভাজন হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করা হয়। তারা হলেন—শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান এবং রনি ওরফে ড্যাগারি রনি।

ইমিগ্রেশন পুলিশ ও পাসপোর্টের তথ্য বিশ্লেষণ করে তদন্তসংশ্লিষ্ট ডিবি সূত্র জানায়, জামিনে মুক্তির পর গত ৬ এপ্রিল প্রথম ঢাকা থেকে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যান সুইডেন আসলাম। এরপর আগস্ট ও নভেম্বরে আরও কয়েকবার মালয়েশিয়া থেকে একই পথে তার যাতায়াতের তথ্য পাওয়া গেছে। ডিবির একটি সূত্রের দাবি, মালয়েশিয়ায় অবস্থান করলেও থাইল্যান্ড ও সিঙ্গাপুরে যাতায়াত ছিল তার।

তদন্তসংশ্লিষ্ট এক গোয়েন্দা কর্মকর্তা জানান, গত আগস্টে সুইডেন আসলাম দেশে এলে তার সন্ধানে তেজগাঁও এলাকায় অভিযান চালানো হয়। ওই কর্মকর্তার কাছে আসলামের একটি পুরোনো ছবি ছিল। তবে বর্তমান চেহারার সঙ্গে ছবিটির মিল না থাকায় তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। সে সময় নিজের নাম আলী আকবর বলে পরিচয় দিয়েছিলেন ওই ব্যক্তি।

সোমবার গ্রেপ্তারের পর তাকে সুইডেন আসলাম হিসেবে শনাক্ত করা হয় বলে জানান ওই কর্মকর্তা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)