সুবর্ণভূমি ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রীয় নিরাপত্তাকাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। দেশের প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত সচিবালয়ে দায়িত্ব পালনকারী ২০২৪ সালের ৫ আগস্টের আগে পদায়ন পাওয়া ১৬৯ জন পুলিশ সদস্যকে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে। তাদের স্থলে নিরাপত্তা যাচাই (সিকিউরিটি ক্লিয়ারেন্স) শেষে নতুন সদস্যদের নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ৮২ জনকে বদলি করা হয়েছে।
একই সঙ্গে দর্শনার্থী নিয়ন্ত্রণ, ডিজিটাল পরিচয় যাচাই, অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, গেট ব্যবস্থাপনায় পরিবর্তন এবং ভিজিটর ম্যানেজমেন্ট আধুনিকায়নের মতো একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, এগুলো কোনো তাৎক্ষণিক ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং সচিবালয়ের নিরাপত্তাকে দীর্ঘ মেয়াদে আরও কার্যকর, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করার নিয়মিত প্রক্রিয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বদলি তালিকায় রয়েছেন তিনজন পুলিশ পরিদর্শক, একজন সার্জেন্ট, পাঁচজন উপপরিদর্শক (এসআই), ১৬ জন সহকারী উপরিদর্শক (এএসআই), ১২ জন নায়েক এবং ১৩২ জন কনস্টেবল।
শুধু জনবল পরিবর্তন নয়, প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থার ওপরও জোর দিচ্ছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতীতে কেবল নাম ও একটি মোবাইল নম্বর দিয়ে ওটিপি সংগ্রহ করে সচিবালয়ে প্রবেশ করা গেলেও, এখন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এবং সেই এনআইডির সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বর ছাড়া ওটিপি ইস্যু করা হচ্ছে না। এছাড়া সচিবালয়ের বিভিন্ন স্থানে নতুন করে প্রায় ১০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের ৪ নম্বর গেটটি সবসময় বন্ধ রাখা হচ্ছে এবং ৫ নম্বর গেটটি শুধু প্রধানমন্ত্রীর যাতায়াত ও অফিস ছুটির সময়ে খোলা হচ্ছে।
চলতি বছরের এপ্রিলে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নীতিমালায় প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের জন্য নির্ধারিত কোটার মধ্যে ওটিপিভিত্তিক প্রবেশ পাস ইস্যুর বিধান রাখা হয়েছে। সেই অনুযায়ী একজন পূর্ণমন্ত্রী সর্বোচ্চ ২০টি, প্রতিমন্ত্রী ১৫টি, মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব ও সচিব ১০টি, অতিরিক্ত সচিব চারটি এবং যুগ্ম সচিব তিনটি দর্শনার্থী পাস ইস্যু করতে পারবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব কাজী আরিফুর রহমান জানান, ৫ আগস্টের আগের দায়িত্বরত পুলিশ ফোর্স ধাপে ধাপে সরিয়ে নেওয়া হচ্ছে এবং নতুন ফোর্স যোগদান করছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও ভালো রয়েছে। শিগগিরই দর্শনার্থীদের জন্য গলায় ঝোলানো কার্ডের ব্যবস্থাও করা হবে।