সুবর্ণভূমি ডেস্ক
বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথ অংশীদারত্বে একটি অত্যাধুনিক ড্রোন কারখানা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে তিনি জানান, বগুড়ায় একটি নতুন বিমানঘাঁটির অনুমোদন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীর বহরে নতুন যে যুদ্ধবিমান আসবে, সেটিও এই বিমানঘাঁটিতেই সংযুক্ত করা হবে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে তিনি এসব গুরুত্বপূর্ণ তথ্য জানান।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, উন্নয়নের বিষয়ে আমার এক ধরনের ইতিবাচক পাগলামি রয়েছে। নিজ এলাকার উন্নয়নে সবসময় নানা কাজ করে আসছি। সেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছি, কিন্তু রাজনৈতিক কারণে এতদিন সেগুলো এমপিওভুক্ত করা হয়নি। এখন আমি দায়িত্ব নিয়ে সেগুলো দ্রুত এমপিওভুক্ত করার আন্তরিক চেষ্টা করছি।
বগুড়া অঞ্চলের অতীত বৈষম্যের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি সরকার আসার আগপর্যন্ত বগুড়ার কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি, সেখানকার মানুষের সরকারি চাকরি হয়নি এবং যাদের চাকরি ছিল তাদেরও যথাযথ পদায়ন করা হয়নি। তাই এখন আমরা বগুড়ার সামগ্রিক উন্নয়নে জোর দিচ্ছি। প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন, দেশের সব জেলার সমানতালে উন্নয়ন হবে। সেই উন্নয়ন দর্শনের আঙ্গিকেই আমি বগুড়ার উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছি।
চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশনও তাদের প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে। একটি বড় বাজেট বাস্তবায়ন করা যেমন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, তেমনি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াও আমাদের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। আমরা যেন সব চ্যালেঞ্জ সফলভাবে অতিক্রম করতে পারি, সেজন্য দেশবাসীর দোয়া চাই।