ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কাভার্ড ভ্যান ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে মনোয়ার হোসেন (৪৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর ড্রাগন বাগানের সামনে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নসিমন চালক সাব্বির হোসেন গুরুতর আহত হয়েছেন।
নিহত মনোয়ার হোসেন উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের আকমল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ব্যবসায়ী মনোয়ার হোসেন নসিমনে করে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা পাইকারি বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। চাঁদপুরের ড্রাগনবাগানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের সঙ্গে নসিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মনোয়ার হোসেনের মৃত্যু হয় এবং নসিমন চালক সাব্বির আহত হন।
খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। আহত চালক সাব্বিরকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। পুলিশ লাশ হেফাজতে নিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করেছে। আহত চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’