মাগুরা সংবাদদাতা
মাগুরার শালিখা উপজেলার সীমাখালি এলাকায় চিত্রা নদী খননকালে মুঘল আমলের একটি তরবারি পাওয়া গেছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে নদী খননকালে এই তরবারিটি পাওয়া যায়।
স্থানীয়রা বলছেন, সম্ভবত তরবারিটি মুঘল আমলের। সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে রাজা সীতারাম রায় মুঘলদের বশ্যতা অস্বীকার করেন। তাকে শায়েস্তা করার জন্য মুঘলবাহিনীর নলডাঙ্গা থেকে সাতটি যুদ্ধজাহাজ নিয়ে চিত্রা নদী দিয়ে মাগুরার মোহাম্মদপুর গিয়েছিল।
যাওয়ার পথে সীতারামের সৈন্যরা গুপ্তভাবে নৌযানগুলোকে বাধা প্রদান করেন। হয়তো কোনো সৈন্যের কাছ থেকে তরবারিটি পানিতে পড়ে গিয়েছিল। এই তরবারিটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায় এটি মধ্যযুগে ব্যবহৃত সৈন্যদের হাতিয়ার।
চিত্রা নদী খননকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ কয়েকদিন ধরেই চিত্রা নদীতে খননের কাজ চলছে। রোববার হঠাৎ করেই এক্সকাভেটরের মাথায় এ তরবারিটি উঠে আসে।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন বলেন, ‘আমরা খবর পেয়েছি চিত্রা নদী থেকে পুরনো একটি তরবারি পাওয়া গেছে। প্রাচীন আমলের কিনা সেটা জানাতে প্রত্নতন্ত্র অধিদপ্তরকে জানানো হবে। আমরা তরবারিটি হেফাজতে নিয়েছি।’
শালিখা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু সাইদ বলেন, নদী খননকালে যে তরবারিটি পাওয়া গেছে সেটি প্রত্নতন্ত্র বিভাগকে বুঝিয়ে দেওয়া হবে।