সাতক্ষীরা প্রতিনিধি
নিখোঁজের দুইদিন পর সাতক্ষীরার আশাশুনিতে ব্যবসায়ী কালাম সরদারের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে আশাশুনি উপজেলার আগরদাঁড়ি গ্রামে নিহতের বড় ভাই নূর ইসলামের বাড়ির পেছন থেকে পুলিশ তার কাদামাখা মরদেহ উদ্ধার করে।
তিনি আশাশুনি উপজেলার আগরদাঁড়ি গ্রামের রহিম সরদারের ছেলে।
আশাশুনি উপজেলার আগরদাঁড়ি গ্রামের গোলাম কিবরিয়া জানান, তার বাবা গ্রাম থেকে বিভিন্ন প্রকার ফল কিনে বাজারে বিক্রি করতেন। বড় চাচার সাথে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে।
তিনি আরও জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে পাশের মোড়ে চা খাওয়ার কথা বলে তার বাবা বাড়ি থেকে বের হয়ে যান। রাতে বাড়ি না ফেরায় সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন তারা। সোমবার সকালে আশাশুনি থানায় জিডি করেন। বেলা এগারটার দিকে প্রতিবেশি চাচি সালেহা খাতুন বড় চাচা নূর ইসলামের বাড়ির পেছনে বাবার কাদামাখা মরদেহ দেখতে পান। বিষয়টি থানায় জানালে বিকেল ৩টার দিকে পুলিশ তার বাবার মরদেহ উদ্ধার করে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহম্মেদ খান জানান, কালাম সরদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার বিকেলে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্টে ঘাড়,গলা ও কোমরের চামড়া ছিলে যাওয়ার চিহৃ রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।