যশোর, বাংলাদেশ || সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেখ হাসিনা কর্মীদের বিপদ বাড়াচ্ছেন: আসিফ নজরুল

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৩:৪৫ পিএম
শেখ হাসিনা কর্মীদের বিপদ বাড়াচ্ছেন: আসিফ নজরুল

বাংলাদেশে আসার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার পদক্ষেপকে তার এক ‘বড় রাজনৈতিক ভুল’ হিসেবে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এই পদক্ষেপের মধ্য দিয়ে ভারতে আশ্রিত শেখ হাসিনাকে প্রত্যর্পণের পথ আরো সহজ হয়ে গেল।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ড. আসিফ নজরুল লিখেছেন, ‘বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা। তার মানে, বাংলাদেশে এসে বিচার ফেস করার মতো পরিস্থিতি আছে বলে মনে করছেন তিনি। কিন্তু সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী।’

তিনি উল্লেখ করেন, শেখ হাসিনাকে একজন দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত ব্যক্তি নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না; তাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই। আর এ জন্য কোনো পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলেই তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে সরাসরি হস্তান্তর করতে পারে।

সাবেক উপদেষ্টা আরো বিশ্লেষণ করে বলেন, পাসপোর্ট চেয়ে নিজের প্রত্যর্পণের সেই পথ নিজেই সহজ করে দিয়েছেন শেখ হাসিনা। এখন বাংলাদেশ সরকারের পক্ষে জোরালোভাবে বলার সুযোগ তৈরি হয়েছে যে, দেশে ন্যায়বিচার পাওয়ার পরিবেশ আছে বলেই তিনি দেশে ফেরার সাহস করছেন। কাজেই ‘বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’—এমন অজুহাতে তাকে ফেরত না দেওয়ার কোনো যুক্তি আর গ্রহণযোগ্য হতে পারে না। ফলে ভারতকে প্রত্যর্পণের বিষয়ে এখন আরো দৃঢ়ভাবে চাপ দেওয়ার পথ প্রশস্ত হলো।

পোস্টের শেষভাগে শেখ হাসিনাকে সরাসরি উদ্দেশ করে আসিফ নজরুল মন্তব্য করেন, ‘শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)