যশোর, বাংলাদেশ || সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশের প্রথম গিটার সেনসেশন কে

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৭:০০ পিএম
আপডেট : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৭:৩৭ পিএম
বাংলাদেশের প্রথম গিটার সেনসেশন কে

বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গিটার সেনসেশন নয়ন মুন্সী মাত্র ২০ বছর বয়সে কানাডায় এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। অত্যন্ত প্রতিভাবান এই শিল্পীকে নিয়ে গৌতম কে শুভ নামে এক সাংবাদিক তার ফেসবুকে বিস্তারিত লিখেছেন। সুবর্ণভূমির পাঠকদের জন্য লেখাটি ‍তুলে ধরা হলো:

প্রথম বাংলাদেশি গিটারিস্ট হিসেবে ইন্টারন্যাশনালি পরিচিতি পেয়েছিলেন কে? কিংবা বাংলাদেশের প্রথম গিটার সেনসেশন কে?

প্রশ্ন দুইটি, উত্তর একটি। 'নয়ন হক মুন্সী'।

আজম খান বলেছিলেন হয়তো আগামী ২০০ বছরেও বাংলাদেশে এমন গিটারিস্টের জন্ম হবে না। বলার প্রেক্ষাপট ছিল, সেকারণেই 'হয়তো' বলেছিলেন। সত্তর দশকের মাঝামাঝিতে স্কুলপড়ুয়া কিশোর নয়ন ছিলেন আজম খানের ব্যান্ড ‘উচ্চারণ’ এর কিবোর্ডবিহীন লাইনআপের লিড গিটারিস্ট। আজম খান তখন হোটেল-সিনেমা হলের কনসার্টের পাশাপাশি ঢাকার পাড়া-মহল্লাও মাতাচ্ছেন। তিনি হৃদয় দিয়ে গাইতেন, সেটা গিটারে অনুবাদ করতেন নয়ন মুন্সী।

মায়েস্ত্রো নয়নকে দেখে তখনকার অনেক তরুণ হাতে তুলে নিয়েছিলেন গিটার, তাঁদের অনেকেই পরবর্তীকালে গিটারিস্ট হিসেবে তুমুল খ্যাতি পেয়েছেন। তাঁদেরই একজন প্রয়াত আইয়ুব বাচ্চু। বিটিভির একটি অনুষ্ঠানে আজম খানের সঙ্গে নয়ন মুন্সীর গিটার বাজানো দেখে তিনি স্বপ্ন দেখেছিলেন, নয়নের মতো গিটারিস্ট হবেন।

‘মাইলস’ ব্যান্ডের ও বামবা সভাপতি হামিন আহমেদ সাক্ষাৎকারে বলেছিলেন, সেই প্রজন্মের অধিকাংশ গিটারিস্টের অনুপ্রেরণার নাম ছিল নয়ন মুন্সী। শুনেছি, বাংলাদেশের অন্যতম সেরা গিটারবাদক-শিক্ষক প্রয়াত নিলয় দাশ ছাত্রদেরকে নয়ন মুন্সীর গল্প শোনাতেন।

একেবারে নিজের চেষ্টায় শিখেছেন প্রথমে, তখন তো শেখার এত সব মাধ্যম ছিল না। ঘুম থেকে উঠে গিটার, ঘুমাতে যাবার আগেও গিটার। যেখানেই যেতেন সঙ্গে রাখতেন। সাক্ষাৎকারে নয়ন মুন্সীর বন্ধু প্রয়াত শাফিন আহমেদ জানিয়েছিলেন, ঢাকার সায়েন্স ল্যাবে চলতি রিকশায়ও তাঁকে গিটার বাজাতে দেখা যেত হরহামেশাই। আমি নয়ন মুন্সীর স্কুলের এক বন্ধুর কাছে শুনেছি, তাঁরা যখন স্কুলে আড্ডা দিতেন, সে সময় দেখা যেত গাছের সঙ্গে হেলান দিয়ে একমনে গিটার বাজাচ্ছেন।

নয়নের জন্ম ১৯৬১ সালের ১৮ এপ্রিল, ঢাকায় এক সংগীত পরিবারে। ঢাকায় দীপ্তি ছড়িয়ে দারুণ কিছু করার স্বপ্ন নিয়ে মাত্র ১৮ বছর বয়সে কানাডার এডমন্টনে গিয়েছিলেন। সেখানে তিনি ‘ফ্ল্যাশ ল্যান্ডিং’ নামে ব্যান্ডও করেছিলেন। শুনেছি, অডিশনের দিয়ে নাকি ব্যান্ডমেম্বার নিয়েছিলেন। এর পাশাপাশি নয়ন মুন্সী এডমন্টনের একটি ফাইভস্টার হোটেলে নিয়মিত গিটার বাজাতেন, তাঁর দুর্দান্ত গিটার বাজানোতে মুগ্ধ হয়ে হোটেল অথোরিটি শো'য়ের নাম দেয় ‘দ্য নয়ন মুন্সী শো’। জানা যায় এসব। লেখাপত্তরও আছে।

শোনা যায় লোকমুখে, কানাডায় থাকাকালীন আমেরিকান এক রেকর্ড কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কথা চলছিল তাঁর। হয়নি আর। তার আগেই ঘটেছিল ভয়াবহ সড়ক দুর্ঘটনা।

এতোসব কীর্তি করেছিলেন কিন্তু মাত্র ২০ বছর বয়সের মধ্যেই। ভাবা যায়! ১৯৮১ সালে কানাডাতে কার এক্সিডেন্ট। গাড়ি চালাচ্ছিলেন নিজেই। তো ওই দুর্ঘটনায় সব শেষ। নক্ষত্র পতন। সহসা ধূমকেতুর মতো উত্থান এবং প্রস্থান আকস্মিকভাবে।
কিছু কথা


১
আজম খানের একটা গান আছে 'নয়ন সবার নয়ন মণি' নামে। ইউটিউবে পাবেন। সবার প্রথমেই বলেছি নয়ন মুন্সীর জন্ম সংগীত পরিবারে৷ এই পরিবারের কাছে বাংলা ব্যান্ড মিউজিক একভাবে ঋণীই বলা যায়। আমাদের ব্যান্ড মিউজিকের হিস্ট্রি লিখতে গেলে এই পরিবারের নাম আসবেই।
২
নয়ন মুন্সীর বড় ভাই আলমগীর হক আশির দশক থেকে এখন পর্যন্ত পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় পপগায়কদের একজন তিনি। তাকে প্রাচ্যের এলভিস বলা হয়।এই আলমগীর হকই আবার ১৯৬৪-১৯৬৭ সাল পর্যন্ত স্বাধীনতা–পূর্ব বাংলাদেশের প্রথম ব্যান্ড ‘আইওলাইটস (উইন্ডি সাইড অব কেয়ার)’–এর প্রথম ভোকাল ছিলেন।
৩
নয়নের আরেক বড় ভাই জামাল হক মুন্সী ছিলেন তবলাবাদক, ওস্তাদ জাকির হোসেনের ছাত্র। আরেক ভাই জাহাঙ্গীর হক ছিলেন ড্রামার। অন্য আরেক ভাই দস্তগীর হক বাংলাদেশ স্বাধীনের পর গঠন হওয়া প্রথম ব্যান্ড ‘আন্ডারগ্রাউন্ড পিস লাভার’–এর ভোকাল ছিলেন। তিনি কিছুদিন আগে মারা গেছেন।
৪
আর বাংলাদেশের প্রথম নারী ড্রামার জর্জিনা হক এই পরিবারেরই মেয়ে। রোকসানা হক এদের বোন। জর্জিনা হক এবং তাঁর বোনেদের ব্যান্ড ছিল ‘থ্রি হক সিস্টার্স’।
৫
কানাডায় থাকার সময়ে নয়ন মুন্সী একটি অ্যালবামের জন্য গান রেকর্ড করেছিলেন। আন্ডারগ্রাউন্ড পিস লাভারস এর ভোকাল ও লিড গিটারিস্ট ওমর খালেদ রুমীর সৌজন্যে গানগুলো আশিক মিউজিক থেকে প্রকাশও হয়েছে। ইউটিউবে আপলোডও দেয়া আছে। ইংলিশ কাভার আইটেম। অ্যালবাম তার কাছে পাওয়া যায়

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)