সুবর্ণভূমি ডেস্ক
বিদেশের বাংলাদেশ দূতাবাসগুলোর প্রবাসীদের সেবাদানের চেয়ে ভিআইপি প্রটোকল ও তোষামোদে ব্যস্ত থাকে। যে কারণে সৌদি আরবে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা ঘটলেও দূতাবাস টের পায়নি। নিজের অভিজ্ঞতার আলোকে ভেরি ফায়েড ফেসবুক পেজে লিখেছেন সাহিত্যিক আমিনুল ইসলাম। সুবর্ণভূমির পাঠকদের জন্য তুলে ধরা হলো:
সৌদি আরবে কিছু দিন আগে দুইজন বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। বাংলাদেশ সরকার এবং ওই দেশে থাকা বাংলাদেশের দূতাবাস কেউই কিছু জানতো না। বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলো কীভাবে কাজ করে জানেন? আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি।
বেশ কয়েক বছর আগের কথা। সাত -আট বছর হবে হয়ত। তখন আমি এখানকার ইউনিভার্সিটির ক্রিয়েটিভিটি এন্ড ইনোভেশন নামে ইন্টারন্যাশনাল প্রোগ্রামের হেড। তো, আমাকে ডেনমার্কে থাকা বাংলাদেশ অ্যাম্বাসি থেকে ই-মেইল করে জানিয়েছে
- বাংলাদেশের আইসিটি মন্ত্রী এস্তোনিয়ায় যাবেন। আপনার বিশ্ববিদ্যালয়ে কি তিনি একটা লেকচার দিতে পারবেন কিনা?
মানে তিনি বাংলাদেশের আইসিটি নিয়ে কথা বলবেন। আমি ওই ই-মেইলের উত্তরই দেই নাই। এরপর ডেনমার্কে থাকা বাংলাদেশ অ্যাম্বাসির ফার্স্ট অফিসার সরাসরি আমার সাথে যোগাযোগ করেছেন সামাজিক মাধ্যমে। আমি তাঁকে বললাম
- ঠিক আছে আমি বিশ্ববিদ্যালয়কে জানাচ্ছি। তাঁরা যদি আয়োজন করে, তো করুক।
অখ্যাত, খুব ছোট একটা বিশ্ববিদ্যালয় হলেও তো দেশ -বিদেশ থেকে শিক্ষার্থীরা পড়তে আসে। তাঁরা যদি বাংলাদেশ সম্পর্কে জানতে পারে, তো জানুক।
বিশ্ববিদ্যালয় এক ঘণ্টার একটা লেকচারের আয়োজন করলো এবং পুরো প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব আমাকেই দেয়া হয়েছে। যে দিন অনুষ্ঠান হবে, মন্ত্রী তখনও বিশ্ববিদ্যালয়ে আসে নাই। এর আগেই বাংলাদেশ দূতাবাসের বেশ কিছু লোকজন চলে এসেছে। এক অফিসার এসে আমাকে বলছেন
- মন্ত্রীকে ফুল দেয়ার আয়োজন করা যায় না?
বিশ্বাস করেন, তাঁর এই প্রশ্ন শুনে আমার চোখ কপালে উঠার জোগাড় হয়েছে। এত বছর বিদেশে বিশ্ববিদ্যালয়ে পড়াই। এইসব দেশের কত মন্ত্রী -এমপি যাচ্ছে-আসছে, কেউ কোন দিন ফিরেও তাকাই না। সে মন্ত্রী হলে আমাদের কী? সেখনে নাকি বাংলাদেশের মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানাতে হবে। আমি তাঁকে বললাম
- What do you think, you are talking about? (তুমি কী মনে করছ, তুমি কী নিয়ে কথা বলছ?)
এরপর ওই ভদ্রলোক আমাকে ইংরেজিতে যে উত্তরটা দিয়েছেন, সেটার বাংলা করলে দাঁড়ায়
- বুঝেনই তো মন্ত্রী মানুষ।
আমি সঙ্গে সঙ্গে বললাম
- আমরা এখানে আমাদের শিক্ষার্থীদের শেখাই ক্ষমতাবানদের প্রশ্ন করতে। ফুল দিতে না।
ভদ্রলোক চুপসে গেলেন। একটু পর আবার হাজির হলেন। তখন আমাদের এখানে সামার (গ্রীষ্ম ) চলছিল। আমি একটা টি-শার্ট আর প্যান্ট পরে ছিলাম। তিনি এসে বললেন
- একটা ফর্মাল শার্ট পরা যায় না? মন্ত্রী আসছেন বলে কথা।
এইবার আমার মাথা রীতিমত আর ঠিক নেই। সঙ্গে সঙ্গে বললাম
- You don’t need to tell me what I should wear. Tell your minister that there’s no need to come. ( আমি কি পরবো সেটা আপনাকে বলতে হবে? আপনার মন্ত্রীকে বলেন আসার দরকার নাই।)
ভদ্রলোক সরি বললেন। মানে চিন্তা করে দেখেন অবস্থা! এখানে সামারে শিক্ষকরা হাঁফ প্যান্ট পরেও ক্লাস নেয়। তাছাড়া এই মন্ত্রী যাদের সামনে লেকচার দেবেন, মানে শিক্ষার্থীদের ৮০ ভাগই তখন ক্লাসে হাফ প্যান্ট পরে এসছে। এটা খুব স্বাভাবিক এখানে। অথচ সে আমাকে বলছে- ফুল হাতা শার্ট পরতে! এমন কথা আমি জীবনেও শুনি নাই!
যা হোক, ওই অফিসার কিন্তু ঠিকই ফুলের ব্যবস্থা করেছিলো! আমার এখানে থাকা বাংলাদেশি কমিউনিটির কাউকে দিয়ে ফুলের শুভেচ্ছা দেয়ার ব্যবস্থা করিয়েছিলেন ইউনিভার্সিটির ঠিক বাহিরে। যেহেতু ভেতরে এটা করা যাবে না! এরপর মন্ত্রী যখন নিজের লেকচার দেয়া শুরু করলেন! কী বলবো আর!
তিনি প্রথন ৩০ মিনিট শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাঁর বাপ-মা, ভাই-বোন কে কী করেছে এইসব নিয়ে কথা বললেন! এরপর তিনি যখন আইসিটি নিয়ে কথা বলতে শুরু করলেন তাঁর ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে। কেউ কিছু বুঝেছে বলে তো আমার মনে হয় না। ভদ্রলোক এমন একটা দেশে আইসিটি নিয়ে কথা বলতে এসেছেন। যে দেশটি পৃথিবী প্রথম ই-কান্ট্রি। যারা জগতে সবার প্রথম অন-লাইনে জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে। যেখানে শত ভাগ সরকারি কাজ আমরা অন-লাইনেই করতে পারি।
আমি শিক্ষার্থীদের দিকে তাকাচ্ছিলাম , খুব মায়া হচ্ছিলো। ওদের একটা ঘণ্টা পুরো জলে গেলো। তো, এই হচ্ছে বিদেশে থাকা দূতাবাসের লোকজনদের কাজ।
এরা মন্ত্রী, এমপি আর ক্ষমতাবানদের প্রটোকল দিতেই ব্যস্ত থাকে। ফুল দিয়ে শুভেচ্ছা জাননো, গাড়ি দিয়ে এখানে-ওখানে নিয়ে যাওয়া এইসব হচ্ছে এদের কাজ। বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের সেবা দেয়া এদের কাজ না। যে কোন অ্যাম্বাসিতে যান, দেখবেন কী আচরণ করে!
এদের বুর্জোয়া সংস্কৃতিটা দেখেন, এরা আমাকে বলছে শার্ট পরতে। আরে এলিট-বুর্জোয়াগুলো, তোমাদের দেশে কোট-প্যান্ট, টাই কবে থেকে ফর্মাল পোশাক হয়ে গেল? যে দেশে বছরে ১০ মাস থাকে গরম। মানুষ ঘেমে রীতিমত হাঁসফাঁস করে। সেখানে তোমাদের কোট-টাই পরতে হয় কেন?
সাম্রাজ্যবাদী ব্রিটিশরা গিয়ে তোমাদের এইসব শিখিয়েছে। আর তোমরাও এইসবই শিখেছ। ব্রিটিশদের তো ভালো দিকও আছে, ওইসব শেখো নাই কেন? সব খারাপ বিষয়গুলো শিখতে হয় আমাদের! ব্রিটিশদের ওখানে তো তোমাদের মত গরম না। ওদের দরকার হয়, চারটা টাই পরে বসে থাকুক। তোমাদের কেন বিনা কারনে কোট-টাই পরতে হবে?
এটাই বাংলাদেশ। উপর দিয়ে ফিটফাট। ভেতরে পুরোই ফাঁকা। অনেকটা চিপসের প্যাকেটের মত। দেখলে মনে হয় অনেক ফুলা, ভেতরে মনে হয় অনেক আছে। খুললে সঙ্গে সঙ্গে পুরো প্যাকেটই ফাঁকা। অল্প কয়েকটা চিপস!
আপনাদের এইসব আচরণ কি বিদেশেরা দেখে না? অতি অবশ্যই দেখে। এই জন্যই পৃথিবীর কোন দেশ বাংলাদেশকে পাত্তা দেয় না। সৌদি আরব দুইজন বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়ে ফেলেছে। কিন্তু বাংলাদেশ সরকারকে জানায় নাই। আজ পর্যন্ত কোন ব্যাখ্যা দেয় নাই।
অথচ পাশের দেশ শ্রীলংকার এক নাগরিককে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছিল একই দেশ। শ্রীলংকা কিন্তু ওদের নাগরিককে ফেরত নিয়ে গেছে। এবার বুঝেন- পৃথিবীর মানচিত্রে আমাদের অবস্থান কোথায়। আমরা আছি ফুলের শুভেচ্ছা, পোশাক, কার বাবা-মা, আত্মীয়-স্বজন কে কী করেছে এইসব নিয়ে! এই জন্যই আমারা ভাগাড়। পৃথিবীর মানচিত্রে কোথাও আমাদের স্থান নাই।