অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে সাবেক কৃতী ফুটবলারদের অংশগ্রহণে আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে মুখোমুখি হয়েছিল নওয়াপাড়া মর্নিং স্পোর্টিং ক্লাব এবং যশোর সোনালী অতীত ক্লাব।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে নওয়াপাড়াকে ২-০ গোলে হারিয়েছে যশোর সোনালী অতীত ক্লাব।
খেলার প্রথমার্ধে দুই দলই আক্রমণ ও পাল্টা-আক্রমণ চালালেও কোনো পক্ষই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নিজেদের আধিপত্য বিস্তার করে যশোর সোনালী অতীত ক্লাব।
ম্যাচের ২০ মিনিটে দলের পক্ষে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় খোকা বাবু। এরপর খেলা শেষের দিকে আক্রমণভাগে দারুণ নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলের সাবেক ফুটবলার জামাল হোসেন দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন।
নওয়াপাড়া সোনালী অতীত ক্লাবের আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচে অতিথি ছিলেন সাবেক কৃতী ফুটবলার মনিরুজ্জামান মনি, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল হোসেন রবি, সাবেক কৃতী ফুটবলার জাহিদ হোসেন, মিন্টু হোসেন, সুজিত কুন্ডু, জাহিদ মাসুদ তাজ, হাফিজুর রহমান ও আতাউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন প্রমুখ।