যশোর, বাংলাদেশ || সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খেলাধুলায় আত্মবিশ্বাস ও নেতৃত্বে এগিয়ে যাচ্ছে উপকূলীয় কিশোরীরা

দেবহাটা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৮:৫২ পিএম
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৯:১৯ পিএম
খেলাধুলায় আত্মবিশ্বাস ও নেতৃত্বে এগিয়ে যাচ্ছে উপকূলীয় কিশোরীরা

একসময় সামাজিক বাধা, পারিবারিক বিধিনিষেধ ও লোকলজ্জার কারণে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ ছিল সীমিত। ‘মেয়ে হয়ে খেলতে যাবে কেন’- এমন নেতিবাচক প্রশ্নে অনেক কিশোরীর খেলার স্বপ্ন আটকে থাকত ঘরের চার দেয়ালে। তবে সময়ের সঙ্গে বদলাচ্ছে সেই চিত্র।

খেলাধুলাকে কেন্দ্র করে উপকূলীয় এলাকার কিশোরীরা এখন আত্মবিশ্বাস, নেতৃত্বের দক্ষতা ও অধিকার সচেতনতা অর্জনের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিচ্ছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া উৎসব।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে এবং টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় ‘স্পোর্টস ফর প্রোটেকশন, রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন আন্ডার ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল’ প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে ১২ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের জন্য ছিল মার্বেল প্রতিযোগিতা। ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বালিশ পাসিং খেলা।

এ ছাড়া কিশোর-কিশোরীদের ফুটবল ম্যাচ এবং অভিভাবকদের জন্য চেয়ার সিটিং, মার্বেল-চামচ দৌড় ও বালিশ পাসিংসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল।

ব্রেকিং দ্য সাইলেন্সের দেবহাটা উপজেলা সমন্বয়ক শেখ সোহেল মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এমএ মামুন, ইউপি সদস্য আবুল হোসেন, সমাজসেবক আব্দুল খালেক, শফিকুর রহমান ও নাসির উদ্দীন মিন্টু।

আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দুই হাজার ৭০০ শিশু ও তরুণকে নিয়ে সাতক্ষীরার পাঁচটি উপজেলার ১৫টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

অংশগ্রহণকারীদের মধ্যে ছেলে ও মেয়ের সংখ্যা সমান এক হাজার ৩৫০ জন করে। মোট ১৮০টি দলে ভাগ করে তাদের নিয়মিত খেলাধুলাভিত্তিক সেশন পরিচালনা করা হচ্ছে।

ব্রেকিং দ্য সাইলেন্সের দেবহাটা উপজেলা সমন্বয়ক শেখ সোহেল মাহমুদ বলেন, এ প্রকল্পের মাধ্যমে খেলাধুলার পাশাপাশি শিশু ও তরুণদের আস্থা, সহযোগিতা, যোগাযোগ, আবেগ ব্যবস্থাপনা, সৃজনশীল চিন্তাভাবনা ও দায়িত্ব গ্রহণের মতো গুরুত্বপূর্ণ জীবনদক্ষতা বিকাশে কাজ করা হচ্ছে।

একই সঙ্গে নিরাপদ পরিবেশে অংশগ্রহণ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আত্মরক্ষা এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধান অতিথি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল বলেন, খেলাধুলার মাধ্যমে অর্জিত আত্মবিশ্বাস, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও অধিকার সচেতনতার চর্চা পরিবার, বিদ্যালয় এবং বৃহত্তর সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে সাতক্ষীরার উপকূলীয় মেয়েরা এখন শুধু খেলার মাঠেই নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছে না, বরং নিজেদের জীবন ও সমাজ পরিবর্তনের স্বপ্নও দেখছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)