যশোর, বাংলাদেশ || রবিবার, ৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ের স্বপ্ন ভেঙে শেষ আটে ফ্রান্স

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ৫ জুলাই,২০২৬, ০১:৫০ পিএম
এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ের স্বপ্ন ভেঙে শেষ আটে ফ্রান্স

ফিলাডেলফিয়ার তীব্র গরমে একদিকে ছিল প্যারাগুয়ের শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, অন্যদিকে ফ্রান্সের অবিরাম আক্রমণ। দীর্ঘ সময় ধরে ইউরোপের সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের আটকে রাখলেও শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলেই হার মানতে হয়েছে লাতিন আমেরিকার দলটিকে।

১-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে লিঙ্কন ফাইনান্সিয়াল ফিল্ডে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল ফ্রান্সের। অন্যদিকে প্যারাগুয়ে নিজেদের অর্ধে রক্ষণভাগকে শক্ত করে রেখে ফরাসিদের ছন্দ নষ্ট করতেই বেশি মনোযোগ দেয়।

মাঝেমধ্যেই কঠোর ট্যাকলে ম্যাচের গতি থামিয়ে দেওয়ার চেষ্টা করে তারা। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন দেশম।

ম্যাচের মোড় ঘুরে যায় ৭০ মিনিটে। বদলি হিসেবে মাঠে নামা দেজিরে দুয়ে দুর্দান্ত ড্রিবলিং করে বক্সে ঢুকে পড়লে তাকে ফেলে দেন প্যারাগুয়ের ডিফেন্ডাররা। রেফারি প্রথমে খেলা চালিয়ে যেতে দিলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় সিদ্ধান্ত বদলে পেনাল্টির নির্দেশ দেন।

স্পটকিক থেকে ধীরস্থির রান-আপে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে।

এটি ছিল চলতি বিশ্বকাপে এমবাপের সপ্তম গোল, যা তাকে লিওনেল মেসির সমান উচ্চতায় নিয়ে গেছে। একই সঙ্গে বিশ্বকাপে এটি তার ক্যারিয়ারের ১৯তম গোল। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির (২০) থেকে এখন তিনি মাত্র এক গোল দূরে।

গোলের পরও আক্রমণ থামায়নি ফ্রান্স। দ্বিতীয়ার্ধে একবার একক প্রচেষ্টায় গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। অন্যদিকে প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।

মানু কোনের কর্নার থেকে নেওয়া শক্তিশালী শট ফিরিয়ে দেওয়ার পাশাপাশি যোগ করা সময়ে এমবাপ্পের পরপর দুটি জোরালো প্রচেষ্টাও ঠেকান তিনি। কিন্তু শেষ পর্যন্ত তার নৈপুণ্যও পরাজয় এড়াতে পারেনি।

২০২২ কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা এমবাপ্পে আবারও বড় মঞ্চে নিজের গুরুত্ব প্রমাণ করলেন। আর এই জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া ফ্রান্স আগামী ১০ জুলাই মুখোমুখি হবে মরক্কোর। শেষ চারের টিকিটের লড়াইয়ে সেটি হতে যাচ্ছে আরেকটি হাইভোল্টেজ দ্বৈরথ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)