সুবর্ণভূমি ডেস্ক
দুজনের খেলার ধরনে মিলের চেয়ে অমিলই বেশি। একজনের বল নিয়ে কারিকুরি যদি শিল্পীর রংতুলিতে কোনো মোহনীয় চিত্রকর্ম হয়, আরেকজন তাহলে বল পেলে হয়ে যান বিশ্বসেরা প্রকৌশলীর তৈরি নিখুঁত একটা যন্ত্র, যিনি গোলের পর গোল করে যেতে পারেন অক্লেশে।
ভিনিসিয়ুস জুনিয়র ও আর্লিং হলান্ডের মধ্যে অবশ্য একটা বড় মিল—আজ ব্রাজিল-নরওয়ে ম্যাচে দুজনের ওপরেই চোখ থাকবে সবচেয়ে বেশি!
এখন পর্যন্ত বিশ্বকাপে দুজনের পারফরম্যান্সই আশা দেখাচ্ছে দুই দলকে। ব্রাজিলের হয়ে ভিনিসিয়ুস করে ফেলেছেন চার গোল। গোল পেয়েছেন গ্রুপ পর্বের তিন ম্যাচেই। মনে করিয়ে দিয়েছেন রোমারিও, রোনালদো, রিভালদোর মতো কিংবদন্তিদের। তিন ম্যাচেই হয়েছেন ম্যাচসেরা। নকআউটের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে গোল পাননি, তবে ভীতি ঠিকই ছড়িয়েছেন প্রতিপক্ষ রক্ষণে। পেয়ে যেতে পারতেন টুর্নামেন্টের অন্যতম সেরা গোলও।
অন্যদিকে হলান্ডের খেলা দেখলে কে বলবে, ২৮ বছর পর বিশ্বকাপে এসেছে তার দল, আর এটাই তার প্রথম বিশ্বকাপ! এখন পর্যন্ত পাঁচ গোল করে ফেলেছেন, গোল্ডেন বুটের দৌড়ে ভিনিসিয়ুসের চেয়ে এগিয়ে আছেন খানিকটা। দেশের হয়ে নিজের সর্বশেষ ১৩টি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের প্রতিটিতেই গোল পেয়েছেন, সব মিলে এই ম্যাচগুলোতে তার গোল ২৫টি।
হলান্ডদের কোচ স্তালে সলবাকেন যেমন বলছেন, বিশ্বের সেরা স্ট্রাইকার তার দলেই খেলেন। নরওয়ে অধিনায়ক মার্টিন ওডেগার্ড মনে করিয়ে দিচ্ছেন, ‘ওকে দলে পাওয়াটা আমাদের জন্য সৌভাগ্য। আমাদের চেষ্টা থাকবে ওকে দিয়ে যত বেশি সম্ভব গোল করানো।’ বোঝাই যাচ্ছে ব্রাজিলের ম্যাচে নরওয়ের কৌশলটা আজ কী হবে!
কিন্তু ব্রাজিল হলান্ডকে নিয়ে কী ভাবছে? মাতেওস কুনিয়া ম্যাচের আগে অবশ্য বলছেন, ‘শুধু হলান্ডকে নিয়ে আমরা ভাবছি না। নরওয়ে দলে আরও অনেক ভালো খেলোয়াড় আছে।’
তবে হলান্ডকে নিয়ে ব্রাজিল ঠিকই ভাবছে, যেমন নরওয়ে ভাবছে ভিনিসিয়ুসকে নিয়ে। সলবাকেন যেমন স্বীকার করে নিচ্ছেন, ‘আমার মনে হয় সব দলই এখন ভাবছে ভিনিসিয়ুসকে কীভাবে থামানো যায়। তবে কাজটা সহজ নয়। আমরা আমাদের সেরা চেষ্টা করব।’
নরওয়ের ৩৫ বছর বয়সী গোলকিপার ওরইয়ান নিলান্ডের লা লিগায় সেভিয়ার হয়ে ভিনিসিয়ুসের বিপক্ষে খেলার নিয়মিত অভিজ্ঞতা আছে। তিনি অবশ্য আত্মবিশ্বাসী, ‘আমাদের ক্ষমতা আছে যে কাউকেই থামিয়ে দেওয়ার।’
বোঝাই যাচ্ছে, আজ রাতের (পড়ুন ৬ জুলাই রাতের) ম্যাচটা ব্রাজিল-নরওয়ের দ্বৈরথ যতটা, ভিনিসিয়ুস-হলান্ডের তার চেয়ে কম নয়!