শাহারুল ইসলাম ফারদিন
, যশোর
চার দশক আগেও যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী অঞ্চলের মাঠজুড়ে ছিল ধান, পাট ও শাকসবজির চাষ। সেই জমির বড় অংশ এখন ফুলের বাগান। গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, জারবেরা, গ্লাডিওলাস, লিলিয়াম, কার্নেশন ও অর্কিডসহ নানা জাতের দেশি-বিদেশি ফুল উৎপাদন করছেন কৃষক। ফুল চাষকে কেন্দ্র করে গড়ে উঠেছে পাইকারি ও খুচরা বাজার। সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থান ও জীবিকার সুযোগ। স্থানীয় ফুলচাষি ও ব্যবসায়ীদের হিসাবে, দেশের ফুলের বাজারের আকার প্রায় দেড় হাজার কোটি টাকার। তবে গদখালী ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আবদুর রহিমের হিসাবে, এই বাজারের আকার প্রায় ৫০০ কোটি টাকা।
একসময় ধান-পাটের জমি হিসেবে পরিচিত গদখালী এখন দেশের ফুল উৎপাদন ও বিপণনের অন্যতম প্রধান কেন্দ্র। প্রচলিত ফসলের তুলনায় বেশি লাভের আশায় এলাকার অনেক কৃষক আবাদি জমির ব্যবহার পরিবর্তন করে ফুল চাষে ঝুঁকেছেন। তাদের হাত ধরে গদখালী ও আশপাশের গ্রামগুলোতে বিস্তৃত হয়েছে ফুলের বাণিজ্য।
১৯৮২ সালে এক বিঘা জমিতে রজনীগন্ধা চাষের মধ্য দিয়ে গদখালীতে বাণিজ্যিকভাবে ফুল চাষের সূচনা করেন শের আলী সরদার। তার দেখানো পথ ধরে ধীরে ধীরে অন্য কৃষকেরাও ফুল চাষে যুক্ত হন। বর্তমানে ফুল চাষই এ অঞ্চলের অনেক কৃষকের প্রধান আয়ের উৎস।
গদখালী বাজারের দুই পাশে রয়েছে ৬২টি ফুলের দোকান। রেড রোজ, অপরাজিতা, নিউ স্টার পুষ্পবিতান, ফ্লাওয়ার ওয়ার্ল্ড, গার্ডেন ফ্লাওয়ার, ফ্লাওয়ার বার ও চেরাগি হিল ফ্লাওয়ার ভিউসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি হয় নানা জাতের ফুল। এ ছাড়া প্রতিদিন সকালে প্রায় ৪৫০ জনের বেশি চাষি ও বিক্রেতা সড়কের পাশে ফুল নিয়ে বসেন। ভোর থেকেই জমে ওঠে পাইকারি বেচাকেনা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা এসব ফুল কিনে ঢাকা, খুলনাসহ বিভিন্ন জেলার বাজারে সরবরাহ করেন।
বিয়ে, জন্মদিন, বিবাহবার্ষিকী, গায়েহলুদ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় দিবসসহ নানা আয়োজনে ফুলের ব্যবহার বাড়ায় সারা বছরই এ বাজারে কমবেশি বেচাকেনা হয়। তবে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পাঁচ মাসকে ফুল বিক্রির প্রধান মৌসুম হিসেবে বিবেচনা করেন চাষিরা। এ সময়ে বিজয় দিবস, বড়দিন, ইংরেজি নববর্ষ, ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবস ঘিরে ফুলের চাহিদা বেড়ে যায়। এবার মৌসুমে এ অঞ্চলে শত কোটি টাকার ফুল বিক্রির প্রত্যাশা করছেন স্থানীয় চাষিরা।
শীতের মৌসুম সামনে রেখে ইতিমধ্যে গদখালীতে শুরু হয়েছে ফুলের বেচাকেনার ব্যস্ততা। প্রকৃতিতে শীতের আমেজ বাড়ার সঙ্গে সঙ্গে বাগান থেকে বাজারে আসতে শুরু করেছে নানা জাতের ফুল। ফুল সংগ্রহ, বাছাই, বাজারে আনা ও পাইকারি বিক্রির কাজে ব্যস্ত সময় পার করছেন চাষি ও ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা যায়, গদখালী ও আশপাশের গ্রামের মাঠজুড়ে ফুলের বাগান। প্রতিদিন ভোরে যশোর-বেনাপোল মহাসড়কসংলগ্ন গদখালী বাজারে ফুল নিয়ে হাজির হন পানিসারা, নবীননগর, হাড়িয়া, পটুয়াপাড়া, টাওরা ও শরীফপুর গ্রামের চাষিরা। বাজারে গোলাপ, গ্লাডিওলাস, জারবেরা, রজনীগন্ধা, গাঁদা ও চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ফুলের পসরা সাজিয়ে বসেন তারা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা এসব ফুল কিনে নিয়ে যান নিজ নিজ এলাকার বাজারে।
বর্তমানে বাজারে প্রতি পিস গোলাপ বিক্রি হচ্ছে চার থেকে ছয় টাকা, গ্লাডিওলাস দশ থেকে ১৮ টাকা, জারবেরা আট থেকে ১৫ টাকা এবং রজনীগন্ধা তিন থেকে পাঁচ টাকা দরে। প্রতি ১০০টি চন্দ্রমল্লিকা বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা এবং এক হাজার গাঁদা ফুলের দাম ৪০০ থেকে ৫০০ টাকা। ফুল সাজানোর কাজে ব্যবহৃত কামিনী পাতার প্রতি আঁটি ৫৫ টাকা এবং জিপসির আঁটি ১০০ টাকা। এ ছাড়া রড স্টিকের প্রতি বান্ডিল বিক্রি হচ্ছে ২০০ টাকায়। চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে এসব ফুলের দাম ওঠানামা করে।
হাড়িয়া গ্রামের ফুলচাষি মিজানুর রহমান বলেন, ফুল চাষে লাভের সম্ভাবনা থাকলেও শুরুতে বড় অঙ্কের বিনিয়োগ করতে হয়। জমি প্রস্তুত, চারা, সার, কীটনাশক ও পরিচর্যায় নিয়মিত খরচ রয়েছে। দেড় বিঘা জমিতে চায়না গোলাপ চাষ করতে তার প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। এখন ফুলের দাম ভালো থাকলে খরচ বাদ দিয়ে দুই থেকে তিন লাখ টাকা লাভ হতে পারে। তবে বাজারদর প্রত্যাশিত না হলে সেই লাভ পাওয়া কঠিন।
ফুলচাষি সবুজ হোসেন বলেন, ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত গদখালীতে ফুল বিক্রির প্রধান মৌসুম। এ সময়ে জাতীয় দিবস, ভালোবাসা দিবসসহ বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে ফুলের চাহিদা বেড়ে যায়। গত কয়েক বছরের বাজার পরিস্থিতি বিবেচনায় এবারও ভালো বিক্রির আশা করছেন তারা। সব মিলিয়ে চলতি মৌসুমে এ অঞ্চলে শত কোটি টাকার ফুল বিক্রি হতে পারে বলে তার প্রত্যাশা।
স্থানীয় ফুলচাষি শাজাহান কবীর বলেন, বিভিন্ন দিবস ও অনুষ্ঠানে ফুলের ব্যবহার বাড়ছে। ১৬ ডিসেম্বরের আগে দেশের বিভিন্ন জেলা থেকে ফুলের চাহিদা বাড়ে। একইভাবে ১৪ ফেব্রুয়ারির আগে গোলাপসহ বিভিন্ন ফুলের বিক্রি বেড়ে যায়। আবার ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য শহর থেকে গ্রাম পর্যন্ত ফুলের প্রয়োজন হয়। এসব দিবস সামনে রেখে আগেভাগেই উৎপাদনের প্রস্তুতি নিতে হয়। নতুন জাতের ফুলের চাহিদা বাড়ায় কৃষকেরা নতুন নতুন পদ্ধতিতে চাষ করছেন।
গদখালীতে এখন জারবেরা ও লিলিয়ামসহ বিভিন্ন জাতের ফুল চাষ হচ্ছে পলিহাউসে। নিয়ন্ত্রিত পরিবেশে এসব ফুল উৎপাদনে কৃষকদের কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। নতুন জাতের ফুলের চাষ ও উৎপাদনপদ্ধতি উন্নত করতে ভারত ও চীন থেকে অভিজ্ঞ চাষি ও বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়া হচ্ছে। বিএডিসির গবেষণামূলক কাজেও তাদের সহায়তা রয়েছে।
গদখালী ফুলচাষি ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল খায়ের বলেন, দেশের ফুলের বাজারের আকার প্রায় দেড় হাজার কোটি টাকা। আগে যেসব জমিতে ধান, পাট ও সাধারণ শাকসবজির চাষ হতো, সেসব জমিতে ফুল উৎপাদন করে কৃষকেরা চার থেকে পাঁচ গুণ পর্যন্ত বেশি লাভ করতে পারছেন। এ কারণে প্রতিবছর নতুন নতুন কৃষক ফুল চাষে যুক্ত হচ্ছেন। বাজারের চাহিদা অনুযায়ী নতুন জাতের ফুল উৎপাদন ও আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ছে।
বাংলাদেশে বাণিজ্যিক ফুল চাষের পথিকৃৎ হিসেবে পরিচিত শের আলী সরদার। ১৯৮২ সালে তার হাত ধরেই গদখালীতে বাণিজ্যিক ফুল চাষের সূচনা হয়। তার বাবা আবদুর রহমান সরদার ঝিকরগাছার পানিসারা এলাকায় সরদার নার্সারি নামে ফলদ ও বনজ গাছের চারা উৎপাদনের একটি নার্সারি পরিচালনা করতেন। বাবার নার্সারিতে কাজ করার অভিজ্ঞতা থেকেই ফুল চাষে আগ্রহী হয়ে ওঠেন শের আলী। দীর্ঘ চার দশকের পরিশ্রমে তিনি এলাকার হাজারো কৃষকের জীবিকার নতুন পথ তৈরি করেন। ৭৫ বছর বয়সে তার মৃত্যু হয়।
পটুয়াপাড়া গ্রামের রমজান হোসেন জানান, শের আলী সরদারের বাবা আবদুর রহমান সরদার নার্সারি পরিচালনা করতেন। একদিন ভারত থেকে আসা এক ব্যক্তির হাতে রজনীগন্ধা ফুল দেখে শের আলীর আগ্রহ তৈরি হয়। পশ্চিমবঙ্গে এ ফুলের চাষ হয় জেনে তিনি বাংলাদেশের মাটিতেও এর উৎপাদনের সম্ভাবনা দেখেন। এরপর এক বিঘা জমিতে রজনীগন্ধা চাষ শুরু করেন। প্রথম দিকে একা শুরু করলেও পরে অন্য কৃষকেরা তার সঙ্গে যুক্ত হন। বর্তমানে ফুল চাষই এ অঞ্চলের অনেক কৃষকের প্রধান আয়ের উৎস।
রমজান হোসেন বলেন, আগে এলাকার কৃষকেরা ধান, পাট ও শাকসবজির চাষ করতেন। কিন্তু ফুল চাষে লাভ বেশি হওয়ায় অনেকেই জমির ব্যবহার পরিবর্তন করেছেন। এখন শুধু গোলাপ, গাঁদা ও রজনীগন্ধা নয়, বিভিন্ন বিদেশি জাতের ফুলও উৎপাদন হচ্ছে।
স্থানীয় ফুলচাষিদের মতে, গদখালীর ফুলের বাজার আরও সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে এ জন্য উৎপাদিত ফুলের ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। দীর্ঘ সময় ফুল সতেজ রাখতে আধুনিক সংরক্ষণাগার, উন্নত পরিবহনব্যবস্থা, স্থায়ী বাজার অবকাঠামো ও আধুনিক বিপণন সুবিধা গড়ে তোলা প্রয়োজন। এসব সুবিধা নিশ্চিত করা গেলে ফুল নষ্ট হওয়ার ঝুঁকি কমবে, পাশাপাশি কৃষকেরা উৎপাদিত ফুলের ভালো দাম পাবেন।
প্রসঙ্গত, চলতি বছরের ২ ফেব্রুয়ারি যশোরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান গদখালীর ফুলশিল্পের সম্ভাবনা নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, গদখালীতে উৎপাদিত ফুল দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে। পাশাপাশি ফুলচাষিদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে এ শিল্পকে আরও লাভজনক ও সম্প্রসারিত করা হবে। তবে নির্বাচনের পর সরকার গঠনের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফুল রপ্তানির উদ্যোগ কিংবা ফুলচাষিদের কল্যাণে দেওয়া সেই নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে এখন পর্যন্ত কোনো অগ্রগতি দৃশ্যমান হয়নি। আগামী মাসের শুরুতেই প্রধানমন্ত্রীর যশোর আসার সম্ভাবনা রয়েছে। তখন তিনি এই বিষয়ে কোনো অগ্রগতির খবর দিতে পারেন বলে মনে করছেন ফুলচাষিরা।