স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে জেলা পর্যায়ে 'প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা- ২০২৬' এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিক্ষা অফিসের উদ্যোগে রোববার (৭ জুন) সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবলিং এই চার ক্যাটাগরিতে জেলার বিভিন্ন উপজেলার বিজয়ী খুদে শিক্ষার্থীরা জেলা পর্যায়ের এই চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়।
দিনব্যাপী চলা এই প্রতিযোগিতার সমাপনীতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জি এম আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও জেলা শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
এবারের প্রতিযোগিতায় বালক ও বালিকা উভয় বিভাগে সমসংখ্যক ইভেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোট ৪২টি ইভেন্টের মধ্যে বালক বিভাগে ২১টি এবং বালিকা বিভাগে ২১টি ইভেন্ট ছিল।
জেলার ৮টি উপজেলার খুদে শিক্ষার্থীরা ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবস প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের মেধার স্বাক্ষর রাখে।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি ও সভাপতি মেডেল, সনদপত্র এবং ট্রফি তুলে দেন।