স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের ধর্মতলা এলাকায় যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতিতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দশজনকে আটক করে।
রোববার (৭ জুন) বিকেলে ২০-২৫ জনের একটি দল যুবলীগের ব্যানার নিয়ে নানা স্লোগান দিয়ে মিছিল শুরু করে।
ব্যানারে লেখা ছিল, ‘সার্বিক ব্যবস্থাপনায় হাজী আলমগীর কবীর সুমন’। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সেখানে ডিবি পুলিশ, কোতোয়ালি থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়। সন্দেহজনকভাবে সেখান থেকে দশজনকে আটক করা হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন হিসেবে দশজনকে আটক করা হয়। তদন্তের স্বার্থে এখনই নাম প্রকাশ করা যাচ্ছে না। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত পরে জানানো হবে।
এরআগে শহরের বাবলাতলা, গরিবশাহ মাজার, পোস্ট অফিসপাড়ায় যুবলীগের ব্যানারে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নানা স্লোগান দিয়ে মিছিল করা হয়। এসব ঘটনায়ও জড়িত থাকার অভিযোগে বেশকিছু নেতাকর্মীকে আটক করা হয়।