স্টাফ রিপোর্টার
, যশোর
ছবি: প্রতীকী ছবি
পেশাগত দায়িত্বের অংশ হিসেবে একটি ভিডিও প্রকাশ করায় যশোরে একজন সাংবাদিককে ভিডিওটি মুছে ফেলার জন্য চাপ ও তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে যশোর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক তারিক হাসান (বিপুল)। জিডি নম্বর ৫৩৯।
জিডিতে তিনি লিখেছেন, গত ৫ জুন রাতে যশোরের দড়াটানা এলাকায় একটি রিকশা ও একটি প্রাইভেটকারের সংঘর্ষের সময় ধারণ করা দুর্ঘটনাটির একটি ভিডিও তিনি গণমাধ্যমে প্রকাশ করেন। পরে ৬ জুন বিকেল আনুমানিক ৫টা ৩৬ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করে প্রকাশিত ভিডিওটি মুছে ফেলার জন্য চাপ দেন।
তিনি ভিডিও অপসারণে অস্বীকৃতি জানালে ফোন করা ওই ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ভিডিও ডিলিট না করলে বড় ধরনের ক্ষতি ছাড়াও প্রাণনাশের হুমকি দেন তিনি। এতে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে বিপুল তার জিডিতে উল্লেখ করেছেন।
সাংবাদিক তারিক হাসান (বিপুল) জানান, পেশাগত দায়িত্ব পালনের সময় এ ধরনের হুমকি স্বাধীন সাংবাদিকতা ও সংবাদ সংগ্রহের কাজে গুরুতর বাধা সৃষ্টি করে। তাই ভবিষ্যৎ নিরাপত্তা ও আইনগত প্রতিকারের স্বার্থে তিনি সাধারণ ডায়েরি করেছেন।