লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া পৌরসভার কচুবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর জখমসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় শনিবার রাতে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়েছে, শনিবার (৬ জুন) দুপুর সাড়ে ১১টার দিকে লোহাগড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কচুবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিথিলা সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় কচুবাড়ীয়াসহ আশেপাশের গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভা চলাকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে 'দাতা সদস্য' হিসেবে নাম প্রস্তাব করাকে কেন্দ্র করে উপস্থিত দুটি পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা যায়, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর কচুবাড়ীয়া গ্রামের মৃত দাউদ সমাজদারের ছেলে ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জাবের সমাজদারের নেতৃত্বে জাহিদ, নাঈম, হান্নান, সাধন কর্মকার, কিংকর কর্মকার, বাচ্চু, জাহাঙ্গীর সমাজদারসহ ১০/১২ জনের একটি দল রামদা, হকিস্টিক, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে সভায় অতর্কিতে হামলা চালায়।
হামলায় কচুবাড়ীয়ার সাবেক কাউন্সিলর ফারুক শেখের ছেলে সাবিদ শেখ (২২) ও একই গ্রামের হায়দার শেখের ছেলে আব্দুল্লাহ শেখ ওরফে অপুকে (২৮) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। এছাড়া হামলার সময় মারধরের শিকার হন কচুবাড়ীয়া গ্রামের হারুন মোল্যা, কবির হোসেন, দিলীপ সমাদ্দারসহ আরও কয়েকজন।
স্থানীয়রা গুরুতর জখম সাবিদ ও আব্দুল্লাহকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় কচুবাড়ীয়া গ্রামের জাহাঙ্গীর শেখ বাদী হয়ে শনিবার রাতেই আটজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেছেন।
লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় জানান, ঘটনার পর পরই পুলিশ ওই এলাকা পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।