অভয়নগর (যশোর) প্রতিনিধি
জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে যশোরের অভয়নগরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উৎসবমুখর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওলিউর রহমানসহ স্থানীয় সংবাদকর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষক এবং অভিভাবকবৃন্দ।
প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলী ফলাফল ঘোষণা করেন। 'আদর্শ গ্রাম' বিষয়ের ওপর আয়োজিত এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রুশিতা মাহমুদ প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির নুহতাসিনা মিমি দ্বিতীয় এবং নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির জাকিয়াতুন সাওদা তৃতীয় স্থান অধিকার করেছে।