স্টাফ রিপোর্টার
, যশোর
সুবর্ণভূমি আয়োজিত ‘বিশ্বকাপ কুইজ’ এবং ‘বিশ্বকাপ প্রেডিকশন’ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (২১ জুন) রাতে মিডিয়া আউটলেটটির কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, প্রেডিকশনের চতুর্থ পর্বের বিজয়ী শাহরিয়ার সাজিম এবং কুইজ প্রতিযোগিতার অষ্টম পর্বের বিজয়ী মনিরুল ইসলাম। তাদের হাতে পুরস্কার তুলে দেন বুম বাংলাদেশের সিনিয়র ফ্যাক্ট-চেকার তাওসিফ আকবর, সুবর্ণভূমির বার্তাপ্রধান সরোয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মেহেদি হাসান শিমুল এবং ক্রীড়ালেখক তসলিম শিমুল।
পুরস্কার গ্রহণের আগে বিজয়ীরা সুবর্ণভূমি স্টুডিওতে তসলিম শিমুলের উপস্থাপনায় ‘পুরস্কার বিজয়ীদের বিশ্বকাপ আড্ডা’ শীর্ষক একটি শো-তে অংশ নেন।
পুরস্কার হাতে পেয়ে বিজয়ীরা সুবর্ণভূমির এই ব্যতিক্রমী ও আনন্দদায়ক উদ্যোগের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে পাঠকদের উচ্ছ্বাস-আনন্দ ও সৃজনশীলতা বাড়াতে সুবর্ণভূমির এই আয়োজন। বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত কুইজ ও প্রেডিকশন প্রতিযোগিতা অব্যাহত থাকবে।