যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সক্রেটিস কেন অনন্য

তসলিম শিমুল

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ১২:০০ পিএম
সক্রেটিস কেন অনন্য

গ্রিক দার্শনিক সক্রেটিসের দর্শনে যেমন অসংখ্য মানুষ মুগ্ধ, তেমনি ফুটবলপ্রেমীদের কাছে ব্রাজিলের কিংবদন্তি মিডফিল্ডার সক্রেটিসও এক অনন্য নাম। বিশ্বকাপ জিততে না পারলেও নান্দনিক ফুটবল, নেতৃত্ব, বুদ্ধিমত্তা এবং স্বৈরাচারবিরোধী অবস্থানের কারণে তিনি আজও ফুটবল ইতিহাসের অন্যতম সম্মানিত ব্যক্তিত্ব।

১৯৫৪ সালে ব্রাজিলের বেলেম শহরে জন্ম নিয়েছিলেন সক্রেটিস। গ্রিক দার্শনিকের প্রতি শ্রদ্ধা থেকেই তার বাবা রাইমুন্ডো সন্তানের নাম রাখেন। বাবা ছিলেন একজন বুদ্ধিজীবী। ছোটবেলা থেকেই পড়াশোনা ও খেলাধুলা- দুই ক্ষেত্রেই সমান মেধার পরিচয় দেন তিনি।

মাত্র দশ বছর বয়সে ব্রাজিলে ১৯৬৪ সালের সামরিক শাসনের দমন-পীড়ন প্রত্যক্ষ করেন সক্রেটিস। বাবাকে নিজের প্রিয় বই পুড়িয়ে ফেলতে দেখার অভিজ্ঞতা তার রাজনৈতিক চেতনা গঠনে গভীর প্রভাব ফেলে। পরবর্তীতে তিনি শুধু মাঠের তারকা নন, ব্রাজিলের গণতন্ত্র আন্দোলনেরও অন্যতম মুখ হয়ে ওঠেন।

মেডিকেল কলেজে পড়াশোনা শেষ করে চিকিৎসক হিসেবে ডিগ্রি অর্জন করেছিলেন সক্রেটিস। চিকিৎসক হওয়ার পাশাপাশি তিনি পেশাদার ফুটবলে অসাধারণ সাফল্য পান। করিন্থিয়ানসের হয়ে ২৯২ ম্যাচে ১৭২ গোল করেন এই আক্রমণাত্মক মিডফিল্ডার।

ব্রাজিল জাতীয় দলের জার্সিতে খেলেন ৬৩টি ম্যাচ, করেন ২২ গোল। তার ছোট ভাই রাই ১৯৯৪ সালে বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন।

ফুটবলের পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সক্রেটিস। করিন্থিয়ানস ক্লাবে খেলার সময় ‘করিন্থিয়ানস ডেমোক্রেসি’ আন্দোলনে নেতৃত্ব দেন। ১৯৮২ সালের বিশ্বকাপের আগে ব্রাজিলিয়ান লিগের ফাইনালে করিন্থিয়ানস খেলোয়াড়রা জার্সিতে ‘ডেমেক্রেসিয়া’ লেখা নিয়ে মাঠে নেমে সামরিক শাসনের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান।

মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে সক্রেটিস বলেছিলেন, ‘১৯৬৪ সালের সামরিক অভ্যুত্থান আমাকে আজও কষ্ট দেয়। বাবাকে তার প্রিয় বইগুলো পুড়িয়ে ফেলতে দেখেছিলাম। তখন থেকেই রাজনীতির প্রতি আগ্রহ তৈরি হয়। আসলে ফুটবলে আসাটা আমার জন্য এক ধরনের দুর্ঘটনাই ছিল। দেশের অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমার চোখ সবসময় খোলা ছিল।’

১৯৮২ সালের বিশ্বকাপে ব্রাজিল দলের অধিনায়ক ছিলেন সক্রেটিস। জিকো, ফ্যালকাও, এডার, সেরেজো, জুনিয়রদের নিয়ে গড়া সেই দলকে এখনও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বকাপের আগে টানা প্রায় দেড় বছর অপরাজিত ছিল দলটি। ১৯৮১ সালে ১৮টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ১৫টিতে জয় এবং ৩টিতে ড্র করেছিল ব্রাজিল।

বিশ্বকাপে সোভিয়েত ইউনিয়ন, স্কটল্যান্ড ও নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এরপর দ্বিতীয় পর্বে ডিয়েগো ম্যারাডোনার

আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারিয়ে দেয় তারা। তবে ইতালির বিপক্ষে নির্ধারণী ম্যাচে শুধু একটি ড্র হলেই সেমিফাইনাল নিশ্চিত হতো ব্রাজিলের। কিন্তু কোচ তেলে সান্তানার আক্রমণাত্মক দর্শন- ‘প্রতিপক্ষের চেয়ে একটি গোল বেশি করতে হবে’ শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায়। পাওলো রসির হ্যাটট্রিকে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। সেই ম্যাচকে এখনও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় ট্র্যাজেডি হিসেবে দেখা হয়।

পরে সেই ম্যাচ স্মরণ করে সক্রেটিস বলেছিলেন, ‘আমাদের দলটি অসাধারণ ছিল, আমরা আনন্দ নিয়ে খেলতাম। এরপর পাওলো রসি মাত্র তিনবার বল ছুঁয়ে হ্যাটট্রিক করলো। যেভাবে আমরা ফুটবলকে চিনতাম, সেদিনই যেন সেই ফুটবলের মৃত্যু ঘটেছিল।’

জিকোও সেই দিনটিকে সুন্দর ফুটবলের জন্য এক কালো অধ্যায় বলে উল্লেখ করেছিলেন। ম্যাচ শেষে কোচ তেলে সান্তানা খেলোয়াড়দের উদ্দেশে বলেছিলেন, ‘পুরো বিশ্ব তোমাদের ফুটবলে মুগ্ধ হয়েছে, এই সত্যটি সবসময় মনে রেখো।’

বিশ্বকাপ জিততে না পারলেও সক্রেটিসের অবদান বিশ্ব ফুটবলে অম্লান। ফিফার ১০০ সেরা ফুটবলারের তালিকায় তার নাম রয়েছে। ব্রাজিলিয়ান ফুটবল মিউজিয়ামের ‘হল অব ফেম’-এও স্থান পেয়েছেন তিনি। পেলের নির্বাচিত ‘দ্য হানড্রেড লিভিং লিজেন্ডস’ তালিকাতেও ছিলেন এই কিংবদন্তি।

২০১১ সালের ৪ ডিসেম্বর মাত্র ৫৭ বছর বয়সে মারা যান সক্রেটিস। কাকতালীয়ভাবে সেদিনই ব্রাজিলের জাতীয় চ্যাম্পিয়নশিপ জয় কওে করিন্থিয়ানস। ম্যাচ শুরুর আগে খেলোয়াড়রা হাত উঁচিয়ে তাদের প্রিয় অধিনায়ককে শ্রদ্ধা জানান।

বিশ্বকাপের ট্রফি তার হাতে ওঠেনি। কোপা আমেরিকার শিরোপাও জেতা হয়নি। তবুও নান্দনিক ফুটবল, অসাধারণ নেতৃত্ব, মানবিক মূল্যবোধ এবং গণতন্ত্রের পক্ষে দৃঢ় অবস্থানের কারণে ব্রাজিলের ‘ফুটবলের দার্শনিক’ সক্রেটিস আজও বিশ্ব ফুটবলের অন্যতম শ্রদ্ধেয় কিংবদন্তি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)