স্টাফ রিপোর্টার
, যশোর
‘ক্যাম্পাস হোক সবুজ, তরুণ সমাজ হোক খেলাধুলায় উদ্দীপ্ত’ এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) যশোর কাজী নজরুল ইসলাম কলেজ ছাত্রদলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
মূলত আসন্ন বৃক্ষরোপণ কর্মসূচি ও আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টকে সফল করার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা শেষে কলেজের অধ্যক্ষ মহোদয় ক্যাম্পাসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বৃক্ষরোপণের জন্য নির্ধারিত স্থানসমূহ চিহ্নিত করে চারা রোপণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ক্যাম্পাস মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম টিপু, হৈবতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরুল কায়েস, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রেজোয়ান রহমান নিশান এবং সহ-সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে, আসন্ন আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করতে এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া অনুশীলনের সুবিধার্থে জেলা ছাত্রদলের পক্ষ থেকে কলেজ চত্বরে একটি ফুটবল উপহার দেওয়া হয়।
উপস্থিত ছাত্রদল নেতৃবৃন্দ জানান, পরিবেশ রক্ষা ও সুস্থ প্রজন্ম গড়ার এই ধারা আগামীতেও ক্যাম্পাসজুড়ে অব্যাহত থাকবে। তারা তরুণ সমাজকে উদ্দেশ্য করে বলেন, ‘গাছ হোক পরিবেশ রক্ষার অঙ্গীকার, খেলাধুলা হোক সুস্থ প্রজন্ম গড়ার হাতিয়ার।’