মেহেরপুর প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে নেতা-কর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
এর আগে শহীদ শামসুজ্জোহা পার্কে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ বলেন, ‘বিগত ১৭ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ এ দেশের হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা ও গুম করেছে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতা বলতে কিছুই ছিল না।’
তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিবাদের বিদায় ঘটেছে। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতা গ্রহণের পর সেই পরাজিত শক্তি আবারও নানা কৌশলে ফ্যাসিবাদী আচরণ ও ষড়যন্ত্র শুরু করেছে। এই ধরনের যেকোনো অপচেষ্টা রাজপথেই শক্ত হাতে প্রতিহত করা হবে।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক এবং জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাবেদ সেনজিরসহ স্থানীয় যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।