মাগুরা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচির প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শো-ডাউন করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে মাগুরা শহরের ভাইনার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে জেলা যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। এসময় তারা আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সদর থানা যুবদলের আহ্বায়ক সৈয়দ কুতুবউদ্দিন রানা, পৌর যুবদলের সদস্যসচিব খান মাহাবুবুর রহমান শান্তি এবং শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদসহ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এদিকে একই দিনে মাগুরা শহরের বিভিন্ন এলাকায় জেলা ছাত্রদলের উদ্যোগেও মোটরসাইকেল শো-ডাউন দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন রাজনৈতিক মন্তব্য ও সতর্কবার্তা দেন। তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সুযোগ আর নেই।